২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৮ সালে অবসর নেবেন রাউল

কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শেষে অবসর নেবেন বলে ঘোষণা করেছেন। ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদ শেষ হবে।

রয়টার্স

সূত্র :

রয়টার্স

Published : 25 Feb 2013, 05:00 AM

Updated : 25 Apr 2022, 06:25 PM

রোববার কিউবার নবনির্বাচিত জাতীয় আইন পরিষদ তাকে পরবর্তী পাঁচ বছরের জন্য কিউবার প্রেসিডেন্ট নির্বাচিত করার পর তিনি এ ঘোষণা দেন।

“এটিই আমার শেষ মেয়াদ,” ঘোষণা করেন তিনি।

বর্তমানে ৮১ বছর বয়সী রাউল কিউবা বিপ্লবের অবিসংবাদিত নেতা সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রোর ছোট ভাই। রাউল নিজেও ওই বিপ্লবের অন্যতম নেতা ছিলেন। ২০১৮ সালে তার বয়স ৮৬ হবে।

আইন পরিষদ ৫২ বছর বয়সী মিগুয়েল দিয়াজ ক্যানেলকে দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। দিয়াজ ক্যানেল রাউলের উত্তরসূরী হবেন বলে ধারণা করা হচ্ছে। রাউল প্রেসিডেন্টের পুরো মেয়াদে পার করতে না পারলে ক্যানেল দায়িত্বভার বুঝে নেবেন।

জাতীয় পরিষদের রোববারের ওই বৈঠকে ফিদেল ক্যাস্ত্রোও যোগ দিয়েছিলেন। বর্তমানে ৮৬ বছর বয়সী ক্যাস্ত্রো ২০০৬ সালে অসুস্থ হওয়ার পর রাউলের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন। দাপ্তরিক সব পদ ছেড়ে দিলেও ক্যাস্ত্রো এখনো জাতীয় পরিষদের একজন সদস্য।

১৯৫৯ সালে কিউবা বিপ্লবের পর থেকে ২০০৬ পর্যন্ত ফিদেল ক্যাস্ত্রো কিউবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর রাউল ক্যাস্ত্রো কিউবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের পর কিউবার ক্ষমতায় ক্যাস্ত্রো অধ্যায়ের সমাপ্তি ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

রাউলের অবসরের পর কিউবা বিপ্লবের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত অধিকাংশ নেতাই নতুনদের হাতে ক্ষমতা ছেড়ে অবসরে যাবেন বলে ধারণা করা হচ্ছে।