যুক্তরাষ্ট্রে তেজস্ক্রিয় পরমাণু বর্জ্য চুইয়ে পড়ছে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের কলম্বিয়া নদীর তীরবর্তী হ্যানফোর্ড পরমাণু সংরক্ষণাগারের ভূর্গস্থ ছয়টি ধারক থেকে তেজস্ক্রিয় পরমাণু বর্জ্য চুইয়ে পড়ার ঘটনা সম্প্রতি ধরা পড়েছে।
এতে জনস্বাস্থ্যের ওপর আশু কোনো প্রভাব পড়বেনা বলে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানিয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক দশক ধরেই হ্যানফোর্ডের ভূগর্ভস্থ ধারকগুলো থেকে তেজস্ক্রিয় বর্জ্য চুইয়ে মাটি দূষণ ঘটছে এবং এতে ভূগর্ভস্থ পানিতেও দূষণ ছড়িয়ে পড়ার হুমকি তৈরি হয়েছে।
তবে এতে নিকট ভবিষ্যতে কলম্বিয়া নদীতে কোনো দূষণ ঘটার বিপদ নেই বলে জানিয়েছেন তারা।
সপ্তাহখানেক আগে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ ও জ্বালানি দপ্তর তেজস্ক্রিয় বর্জ্য দূষণের এ ঘটনা উদঘাটন করে। শুক্রবার ওই দপ্তরের বিদায়ী সচিব স্টিভেন চু ওয়াশিংটনের গভর্নর জে ইনস্লি এ ঘটনা জানান।
ইনস্লি জানান, চু তাকে বলেন এক দেয়ালধারী মোট ছয়টি ধারকের দেয়াল চুইয়ে তেজস্ক্রিয় বর্জ্য বের হচ্ছে।
ইনস্লির দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, “এ ঘটনার তাৎক্ষণিক বা নিকট ভবিষ্যতের কোনো জনস্বাস্থ্য শঙ্কা নেই। কলম্বিয়া নদী থেকে ৮ কিলোমিটার দূরে এই দুষণের ঘটনা ঘটেছে।”
হ্যানফোর্ডের এই তেজস্ক্রিয় বর্জ্য সংরক্ষণাগারে ১শ’ ৪৯টি একক দেয়ালের তেজস্ক্রিয় বর্জ্য ধারক আছে। সনাক্তকৃত ছয়টি ধারক ছাড়া বাকীগুলোর অবস্থা কি তা এখানো জানা যায়নি।
তবে বাকী ধারকগুলো নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন ইনস্লি।
