২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দামেস্কে গাড়িবোমায় নিহত ৫৩

সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষমতাসীন বাথ পার্টির কার্যালয় এবং রাশিয়ার দূতাবাসের কাছে এ গাড়িবোমা বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টিভি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 21 Feb 2013, 10:28 AM

Updated : 13 Oct 2022, 02:48 PM

সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে মাজরা এলাকায় বৃহস্পতিবার ক্ষমতাসীন বাথ পার্টির কার্যালয় এবং রাশিয়ার দূতাবাসের কাছে মহাসড়কে বড় ধরনের গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৫৩ জন নিহত এবং ২শ’ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানিয়েছে।

ভিডিও ফুটেজে বিস্ফোরণের পর রাস্তায় অন্তত ৪ টি ছিন্ন-বিচ্ছিন্ন মৃতদেহ এবং দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি দেখা গেছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইরত ‘সন্ত্রাসীদের’ আত্মঘাতী বোমায় হতাহতের এ ঘটনা ঘটেছে বলে বর্ণনা করেছে রাষ্ট্রীয় টেলিভিশন।

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ নিহতের সংখ্যা ৫৬ উল্লেখ করেছে। এর মধ্যে ১৫ জন সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্য এবং অন্যরা বেসামরিক নাগরিক বলে জানায় তারা।

অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, মাজরা এলাকায় এ বোমা হামলাটি হয়েছে রাশিয়ার দূতাবাস থেকে ২শ মিটার দূরে ক্ষমতাসীন বাথ পার্টির কার্যালয় ভবনের কাছে একটি তল্লাশিকেন্দ্রে।

গাড়িটিতে ১ থেকে ১ দশমিক ৫ মেট্রিক টন বিস্ফোরক ছিল বলে জানিয়েছেন দামেস্কর গভর্নর বিশর সাব্বান।বিস্ফোরণে ৩শ মিটার দূরের গাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিরিয়া টিভির এক সংবাদদাতা ঘটনাস্থলে বেশকিছু মৃতদেহ পড়ে থাকতে দেখাসহ ভষ্মীভূত ১৭ টি এবং বিধ্বস্ত হয়ে যাওয়া আরো ৪০ টি গাড়ি দেখতে পওয়ার কথা জানিয়েছেন।তাছাড়া, বোমার আঘাতে রাস্তায় ১ দশমিক ৫ মিটার গভীর গর্ত হয়ে যাওয়ার কথাও জানান তিনি।

রাশিয়ার ইতার তাস বার্তা সংস্থা এক কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে জানায়, বিস্ফোরণে দূতাবাসের জানালা উড়ে গেছে। তবে কোনো কর্মচারি আহত হয়নি।

মাজরা এলাকায় সকাল ১১ টার দিকে এ বিস্ফোরণের পর আশেপাশের এলাকায় আরো দুটি বিস্ফোরণ হওয়ার কথা জানিয়েছে আন্দোলনকর্মীরা। বারজেহ এলাকায় একটি গাড়িবোমা বিস্ফোরণে ৮ জন নিহতের খবর পাওয়া গেছে।

সিরিয়ায় প্রায় দু’বছরের অস্থিরতা ও গৃহযুদ্ধে দামেস্কর কেন্দ্রস্থল অপেক্ষাকৃত সুরক্ষিত থাকলেও এর আশেপাশের শহরতলী রক্তক্ষয়ী লড়াইয়ে বিধ্বস্ত হয়েছে।

দামেস্কের দক্ষিণ ও পূর্বের এলাকাগুলো নিয়ন্ত্রণে রাখা বিদ্রোহীরা আসাদের ক্ষমতার কেন্দ্রে প্রায় একমাস ধরে হামলা চালিয়ে আসছে।গতবছরজুড়ে তারা এ লক্ষ্যে ধ্বংসাত্মক বোমা হামলা চালিয়ে এসেছে।

এরকম কয়েকটি বোমা হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদা সংশ্লিষ্ট বিদ্রোহী গ্রুপ আল-নুসরা ফ্রন্ট।ফেব্রুয়ারির প্রথমভাগে তারা দামেস্কের আশেপাশে ৭ টি বোমা হামলাসহ ১৭ টি হামলা চালানোর কথা জানায়।