২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাকিং: মার্কিন প্রতিবেদনের নিন্দায় চীন

বিশ্বে দফায় দফায় ওয়েবসাইটে হ্যাকিং চালানো গ্রুপগুলোর মধ্যে চীনের সামরিক বাহিনীর একটি গোপন শাখা অন্যতম বলে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ম্যানডিয়ান্টের প্রতিবেদন ত্রুটিপূর্ণ, এটি নির্ভরযোগ্য নয় এবং ‘প্রযুক্তিগত প্রমাণ’ এর অভাব রয়েছে বলে নিন্দা করেছে চীন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 20 Feb 2013, 11:30 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

যুক্তরাষ্ট্রভিত্তিক কম্পিউটার সুরক্ষা প্রতিষ্ঠান ম্যানডিয়ান্ট জানায়, ‘ইউনিট ৬১৩৯৮’ বিশ্বের কমপক্ষে ১৪১টি প্রতিষ্ঠানের ‘শত শত টেরাবাইট উপাত্ত সুচতুরভাবে চুরি করেছে বলে ধারণা করছে তারা। এই ‘ইউনিট ৬১৩৯৮’ চীনের পিপলস লিবারেশন আর্মির শাখা।

সাইবার হামলাগুলো কোথা থেকে হয়েছে তা খুঁজতে গিয়ে প্রতিষ্ঠানটি সাংহাই থেকে এই ইউনিটের কার্যক্রম পরিচালনার আলামত পেয়েছে বলে জানায় এক প্রতিবেদনে।

তবে চীন তাৎক্ষণিকভাবে এ ধরনের কোনো হ্যাকিং এর অভিযোগ অস্বীকার করে এবং ম্যানডিয়ান্টের প্রতিবেদনের সত্যাসত্য নিয়ে প্রশ্ন তোলে।
চীনের প্রতিরক্ষামন্ত্রনালয়ও ইতোমধ্যেই এ অভিযোগ অস্বীকার করেছে। তবে এরপরও নতুন করে একটি বিবৃতি দিয়ে তারা ভুয়া উপাত্তের ওপর নির্ভর করার জন্য ম্যান্ডিয়ান্টের সমালোচনা করেছে।

ওয়েবসাইটে পোস্ট করা চীনা মন্ত্রণালয়ের এ বিবৃতিতে বলা হয়, ছিনতাই করা আইপি ঠিকানা ব্যবহার করে বহুসংখ্যক ওয়েবসাইট হ্যাকিং হয়ে থাকে এটি সবারই জানা।অার মান্ডিয়ান্টের প্রতিবেদনে কেবল আইপি ঠিকানার ওপর নির্ভর করেই চীন থেকে হ্যাকিং হয়েছে বলে উপসংহার টানা হয়েছে।এতে ‘প্রযুক্তিগত প্রমাণের’ অভাব আছে।

তাছাড়া, কি থেকে হ্যাকিং হল তার পরিস্কার কোনো ব্যাখ্যা প্রতিবেদনে নেই এবং বিশ্বজুড়ে বৃহৎপরিসরে এ প্রতারণামূলক কর্মকাণ্ড চলার ফলে তা কোথা থেকে হয়েছে সেটি সনাক্ত করাও কঠিন বলে দাবি করা হয় বিবৃতিতে।

মানডিয়ান্ট তার প্রতিবেদনে জানিয়েছে, ২০০৪ সাল থেকে তারা উপাত্ত চুরির শত শত ঘটনা খতিয়ে দেখে এ ব্যাপারে নিশ্চিত হয়েছে যে, এ ধরনের কর্মকাণ্ড চালানো গ্রুপগুলো মূলত চীনেরই এবং চীন সরকারও বিষয়টি জানে।

গ্রুপগুলোর মধ্যে সবচেয়ে ধুরন্ধর এপিটিআই। এ গ্রুপটি ২০০৬ থেকে ব্যাপকহারে সাইবার গুপ্তচরবৃত্তি করে আসছে বলে জানায় মানডিয়ান্ট।

প্রতিষ্ঠানটি আরো জানায়, সাংহাইয়ের পুডং এলাকার ১২ তলা একটি ভবন থেকে এপিটিআই এর হ্যাকিং কার্যক্রম চিহ্নিত করেছে তারা। আর চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মির ‘ইউনিট ৬১৩৯৮’ এর কর্মকাণ্ডও সাংহাইয়ের একই জায়গা থেকে পরিচালিত হচ্ছে বলেও তারা জানতে পেরেছে।