২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোয়েটা হামলায় ক্ষোভ পাকিস্তানে

পাকিস্তানের কোয়েটায় শনিবারের বোমা হামলায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এর জন্য গোয়েন্দা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করেছেন বেলুচিস্তানের গভরর্নর নবাব জুলফিকার আলি মাগসি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 17 Feb 2013, 04:05 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

তিনি বলেন, “কোয়েটায় হাজারা শিয়া সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী হামলা গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণেই ঘটেছে।”

ওদিকে, নিহতদের স্মরণে রোববার ধর্মঘট ডাকে স্থানীয় হাজারা ডেমোক্র্যাটিক পার্টি।এতে থমকে যায় কোয়েটা পরিস্থিতি।

এর আগে শনিবারেও রাস্তায় রাস্তায় বিক্ষোভ করেছে হাজারা সদস্যরা।তারা পাথর ছুড়ে প্রতিবাদ জানায় এবং টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে।

দারিদ্র্য, দুর্নীতি এবং বিদ্যুৎ বিভ্রাট সামাল দিতে সরকারের ব্যর্থতা নিয়ে ইতোমধ্যেই জনমনে পুঞ্জীভূত ক্ষোভ হামলার ঘটনায় আরো বাড়ছে।

স্থানীয় এক নেতার উক্তি, “কে কি করছে, এ নাশকতার পেছনে কারা জড়িত সরকার সবই জানে।সরকার থামাতে চাইলে কেউ এমনকি একটি ছুরি নিয়েও মার্কেটে ঢুকতে পারত না।”

চাপের মুখে হামলার শিকার হওয়া শিয়া সম্প্রদায়কে রক্ষার সবরকম প্রচেষ্টা নেয়ার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।
পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী লস্কর-ই জঙ্গভি কোয়েটায় শনিবারের বোমা হামলার দায় স্বীকার করেছে।

কোয়েটার কাছে শিয়া মুসলিম অধ্যুষিত এলাকার একটি বাজারে বোমা হামলায় নারী ও শিশুসহ ৮০ জন নিহত ও অপর প্রায় ২০০ জন আহত হয়। ২০ জন গুরুতর আহত হওয়ার নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বোমা হামলা এতটা ভয়াবহ ছিল যে প্রতি মুহূর্তে মৃতের সংখ্যা বাড়তে থাকে এবং রোববার সকালে পাকিস্তানের হাসপাতাল সূত্রগুলো হতাহতের নতুন এ সংখ্যা জানায়।

পুলিশ সূত্রগুলো জানিয়েছে, হামলায় হতাহতদের প্রায় সবাই হাজারা শিয়া মুসলিম। ঘটনাস্থলে প্রচুর সংখ্যক স্কুল ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল এবং সেখানে যত্রতত্র এখন শুধু স্কুলব্যাগ পড়ে আছে।

ট্রাক্টরের ট্রেইলারের মধ্যে রাখা একটি পানির ট্যাঙ্কিতে লুকিয়ে রাখা ৭০ থেকে ৮০ কেজি ভরের একটি বোমার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কোয়াটার পুলিশ প্রধান মির জুবাই মেহমুদ।

কোয়েটা পুলিশের উপমহাপরিদর্শক ওয়াজির খান নাসির বলেন,“শিয়াদের বিরুদ্ধে ধারাবাহিক সহিংসতার অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে।”

গত মাসে কোয়েটায় শিয়াদের লক্ষ্য করে চালানো অপর এক বোমা হামলায় প্রায় একশ’ মানুষ নিহত হয়েছিল ।ওই হামলার দায়ও স্বীকার করেছিল লস্কর ই জঙ্গভি।

ওই হামলার প্রতিবাদে শিয়া মতাবলম্বীরা সারাদেশ জুড়ে রাস্তায় নেমে বিক্ষোভ করে।

গত বছর সন্ত্রাসী হামলায় পাকিস্তানে চারশ’র বেশি শিয়া নিহত হলেও এসব হামলার জন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পাকিস্তানি তালেবান ও আল কায়েদাকে দেশটির অভ্যন্তরীন নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করা হলেও লস্কর ই জঙ্গভি দিন দিন আরেকটি হুমকি হয়ে উঠছে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।