অসুস্থ শ্যাভেজের ছবি প্রকাশ করেছে ভেনেজুয়েলা
ভেনেজুয়েলার ক্যান্সার আক্রান্ত প্রেসিডেন্টে হুগো শ্যাভেজের ছবি প্রকাশ করেছে দেশটির সরকার। দুই মাস আগে কিউবার রাজধানী হাভানায় ক্যান্সারের অস্ত্রোপচার হওয়ার পর থেকে এগুলোই অসুস্থ শ্যাভেজের প্রকাশিত প্রথম ছবি।
ছবি প্রকাশের পাশাপাশি সরকার জানিয়েছে, শ্যাভেজ একটি বায়ুনলের সাহায্যে নিঃশ্বাস নিচ্ছেন এবং কথা বলতে তিনি রীতিমতো সংগ্রাম করছেন।
প্রকাশিত একটি ছবিতে দুই কন্যাসহ হাস্যোজ্জ্বল শ্যাভেজকে দেখা যাচ্ছে। হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি, দুই পাশে দুই কন্যা। তবে তার চেহারা বেশ ফুলে আছে।
অপর একটি ছবিতে তাদের তিনজনকে কিউবার দৈনিক পত্রিকা গ্রানমার বৃহস্পতিবারের সংখ্যা পড়তে দেখা যাচ্ছে।
ভেনেজুয়েলার বিজ্ঞানমন্ত্রী ও শ্যাভেজের জামাতা জর্জি অ্যারেনজা ছবিগুলো প্রকাশ করেন। শ্যাভেজকে দেখতে প্রায়ই হাভানা যান অ্যারেনজা।
কথা বলতে শ্যাভেজের সমস্যা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। রাজনৈতিক জীবনে ঘন্টার পর ঘন্টা টানা কথা বলার জন্য পরিচিত ছিলেন শ্যাভেজ।
অ্যারেনজা বলেন, “স্বাভাবিক কণ্ঠস্বরে কথা বলতে পারছেন না তিনি। কথা বলে যোগযোগ করা তার জন্য সহজ হচ্ছে না, তবে তিনি যা বলতে চান তা বোঝাতে পারেন। নিখুঁতভাবে নিজের সিদ্ধান্তও জানাতে পারেন। সেগুলো তিনি লিখে দেন।”
২০১১ সালের মাঝামাঝি শ্যাভেজের শরীরে ক্যান্সার ধরা পড়ে। তারপর থেকে চারবার তার দেহে অস্ত্রোপচার করা হয়। শেষবার ১১ ডিসেম্বরের অস্ত্রোপচারের পর থেকে তার শারীরিক অবস্থা বেশ গুরুতর হয়ে পড়ে। শেষ অস্ত্রোপচারের পর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি।
প্রকাশিত ছবিগুলো বৃহস্পতিবার রাতে তোলা হয়েছে বলে জানিয়েছে ভেনিজুয়েলা সরকার।
