২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার স্টেট অব দ্য ইউনিয়ন ভাবনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিচ্ছেন।কঠিন সব চ্যালেঞ্জের মধ্য দিয়ে সামনের দিনগুলোতে জাতিকে দিক নির্দেশনা দেয়ার চিন্তাভাবনাগুলো জনগণের সামনে তুলে ধরার জন্য এটিই ওবামার মোক্ষম সুযোগ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 12 Feb 2013, 02:12 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

৬ নভেম্বরের নির্বাচনে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর দেশের অর্থনীতি, অভিবাসন সংস্কার এবং অস্ত্র নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাওয়ার জন্য ওবামার হাতে খুব বেশি সময় নেই।

২০১৪ সালেই যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হবে; যে নির্বাচনে কংগ্রেসে রিপাবলিকানরা আরো শক্তিশালী অবস্থানে উঠে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।তার আগে বিভিন্ন ইস্যুতে কাজ করে দেখানোর জন্য ওবামা মাত্র ১ বছর সময় পাচ্ছেন বলেই জানাচ্ছেন বিশ্লেষকরা।

মধ্যবর্তী ওই নির্বাচন এক অর্থে ওবামার প্রেসিডেন্সির ওপর গণভোট বলেই গণ্য হবে।আর তাই সে বিষয়টি মাথায় রেখেই তিনি মঙ্গলবার রাত ৯ টার (০২০০ জিএমটি বুধবার) স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিচ্ছেন।এ ভাষণে দেশকে এগিয়ে নেয়ার পরিকল্পনা জানান দিয়ে জনমনে আশার সঞ্চার করার সুযোগ পাচ্ছেন ওবামা।যা স্বল্প সময়ে রাজনৈতিক দিক থেকে তার জন্য ফলদায়ক হতে পারে।

তার বক্তব্যে প্রাধান্য পাবে অর্থ, বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন সংস্কার, অস্ত্র ণিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন, জ্বালানিসহ নানা ইস্যু।তাছাড়া, বিভিন্ন বিষয়ে রিপাবলিকানদের সঙ্গে মতবিরোধের মধ্যে ওবামা নতুন করে কংগ্রেসে ঐক্যের ডাক দিতে পারেন বলেও আশা করা হচ্ছে।

২০১২ সালের প্রচারাভিযানে ওবামা যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছিলেন ভাষণে সে বিষয়গুলোই উল্লেখ করবেন তিনি।

দেশে কর্মসংস্থান সৃষ্টি এবং মধ্যবিত্ত শ্রেনীকে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার বিষয়টি নিয়ে ওবামা কথা বলবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি।

ইইউ এর সঙ্গে সামগ্রিক বাণিজ্য আলোচনারও আহ্বান জানাবেন তিনি।তাছাড়া, বাজেট ঘাটতি কমানো নিয়ে রিপাবলিকানদের সঙ্গে বিরোদের মধ্যেও দেশের অবকাঠামো, উৎপাদন, স্বচ্ছ জ্বালানি, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানাবেন ওবামা।অর্থনৈতিক আরেকটি ইস্যু হিসাবে অভিবাসন সংস্কারের বিষয়টিও ভাষণে গুরুত্ব পাবে।

কানেকটিকাটে নিউটাউনের স্কুলে মর্মান্তিক বন্দুক সহিংসতার পর অস্ত্র নিয়ন্ত্রণ প্রশ্নে ওবামা তার দেয়া প্রস্তাবে আরো সমর্থন আদায়ের চেষ্টা নিতে পারেন ভাষণে।

ইরানের পরমাণু কর্মসূচি এবং সিরিয়ার গৃহযুদ্ধের বিষয়টি দ্বিতীয় মেয়াদে ওবামার বৈদেশিক নীতিতে বড় চ্যালেঞ্জ হলেও ভাষণে এ ইস্যু দুটি তেমন গুরুত্ব পাবে না।

তবে ভাষণে সাইবার হামলার বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করতে পারেন ওবামা।সাইবার হামলার বিরুদ্ধে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরো উন্নত করার লক্ষ্যে ওবামা দীর্ঘপ্রতিক্ষীত একটি নির্বাহী আদেশ দেয়ার পরিকল্পনা জানাতে পারেন বলে জানা গেছে সংশ্লিষ্ট কয়েকটি সূত্রে।