২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপ জুড়ে ঘোড়ার মাংস কেলেঙ্কারি

ইউরোপের ১৬ টি দেশে ছড়িয়ে পড়েছে গরুর মাংসের লেবেল লাগানো প্যাকেটে ঘোড়ার মাংস বিক্রির কেলেঙ্কারি।পরিস্থিতি সামাল দিতে ফরাসি মন্ত্রীরা মাংস শিল্পের কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভা ডেকেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 11:14 AM

Updated : 23 Aug 2022, 10:11 AM

যুক্তরাজ্য ও ফ্রান্সের পর এবার ইউরোপের ১৬টি দেশে ছড়িয়ে পড়েছে গরুর মাংসের ঘোষণা দিয়ে ঘোড়ার মাংস বিক্রির কেলেঙ্কারী।

উদ্ভূত পরিস্থিতিতে সোমবার ফরাসি মন্ত্রীরা মাংস শিল্পের শীর্ষ কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসছেন।

গত মাসে আয়ারল্যান্ডের এক খাদ্য পরিদর্শক যুক্তরাজ্যের সুপারমার্কেটের চেইন শপগুলোর বার্গারে ঘোড়ার মাংস পাওয়ার কথা ঘোষণা করেন।

এরপর দেখা যায়, যুক্তরাজ্যে সুইডেনের ফিনডাস কোম্পানির সরবরাহ করা জামাট গরুর মাংসের পুরোটাই (১০০ শতাংশ) ঘোড়ার মাংস ।

এ ঘটনার জেরে ফ্রান্স ও সুইডেনের বাজার থেকে মাংসজাত খাবার সরিয়ে নেয় ফিনডাস।

ফিনডাস এই মাংসগুলো ফরাসি মালিকানাধীন শিল্পগোষ্ঠী কমিজেলের একটি প্রতিষ্ঠান থেকে কিনেছে বলে জানায়। কমিজেলের মাংস প্রক্রিয়াকরণ কারখানাটি আবার লুক্সেমবার্গে অবস্থিত।

লুক্সেমবার্গের কারখানায় মাংস সরবরাহ করে অপর ফরাসি কোম্পানি পৌজল। পৌজলকে এই মাংস সরবরাহ করে নেদারল্যান্ডের মাংস ব্যবসায়ী কোম্পানিগুলো। তারা এসব মাংস রোমানিয়ার কসাইখানা থেকে সংগ্রহ করেছে বলে জানায়।

এভাবে ঘোড়ার মাংস কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে পড়েছে ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ।

রোববার ফ্রান্সের ভোক্তাপণ্য সংক্রান্ত উপমন্ত্রী বেনেত হ্যামন এক বিবৃতিতে জানান, ফরাসি কর্মকর্তাদের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে পৌজল সাইপ্রাসের এক মাংস বিক্রেতা কোম্পানির কাছ থেকে এসব জমাট মাংস ক্রয় করেছিল।

ফিনডাস ও কমিজেলের জমাট মাংসের তৈরি খাদ্যপণ্য ফ্রান্সের সাতটি চেইন শপ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

যুক্তরাজ্যসহ ইউরোপে বিক্রি করা প্যাকেটজাত খাদ্যে গরুর মাংসের বদলে ঘোড়ার মাংস ব্যবহার করা হচ্ছে বলে বের হয়ে এসেছে বিস্তারিত তদন্তে।

এতে পুরো ইউরোপ জুড়ে খাদ্য সরবরাহ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

যুক্তরাজ্য, ফ্রান্স, সুইডেন, আয়ারল্যান্ড ও রোমানিয়া ছাড়াও ইউরোপের আরো ১১টি দেশে এই কেলেঙ্কারির প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।