সর্ববৃহৎ কুমিরটি মারা গেছে
বিশ্বের সর্ববৃহৎ লোনাপানির কুমিরটি মারা গেছে। ফিলিপাইনে আটক এই ২১ ফুট দৈর্ঘ্যরে এই কুমিরটির ওজন ছিল ১ হাজার কেজি। কুমিরটি বেশ কিছুদিন ধরে খাওয়া বন্ধ করে দিয়েছিল এবং এর পেট ফুলে গিয়েছিল বলে জানা যায়।
২০১১ সালের সেপ্টেম্বরে কুমিরটি ধরা পড়ে। এটি অন্ততপক্ষে একটি মানুষকে হত্যা করেছে। ধরা পড়ার পর কুমিরটি পরিবেশ পর্যটনের অন্যতম আকর্ষণীয় বিষয়ে পরিণত হয়।
বিশ্বে আটক কুমিরগুলোর মধ্যে এটিই সর্ববৃহৎ বলে গত বছর আনুষ্ঠানিকভাবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড নথিভুক্ত করে।
লোলং নাম পাওয়া কুমিরটি ফিলিপাইনের বুনাওয়ান শহরের জলাশয়ে ডজনেরও বেশি শিকারীর অংশগ্রহণে পরিচালিত তিন সপ্তাহের অভিযানে ধরা পড়ে।
২১ ফুট লম্বা এই কুমিরটি ধরা পড়ার পর শহরটিতে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের আনাগোনা বেড়ে যায়।
বুনাওয়ান শহরের মেয়র এডউইন ইলোরদে জানিয়েছেন, ‘গতমাস থেকেই কুমিরটি খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছিল। তার মুখের রং পরিবর্তিত হয়েগিয়েছিল। বিষয়টি আমরা লক্ষ্য করি এবং এই ব্যাপারে পদক্ষেপও নেয়া হয়।’
তিনি আরো জানান, ‘কুমিরটির তদারকিতে নিয়োজিতরা এর পেট অস্বাভাবিক ফুলে যাওয়ার বিষয়েও সচেতন ছিল।’
স্থানীয় পশুচিকিৎসক আলেক্স কোলান্তেস জানান, অসময়ে ঠাণ্ডা আবহাওয়ার কারণেও কুমিরটি আক্রান্ত হয়ে থাকতে পারে।’
ইলোরদে জানিয়েছেন, বন্যপ্রাণী বিষয়ক বিশেষজ্ঞরা এর মৃত্যুর কারণ তদন্ত করে দেখবেন। এটির দেহ সংরক্ষণ করা হবে বলেও তিনি জানান।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, আটক অবস্থায় সর্ববৃহৎ লোনাপানির কুমির এখন কুইন্সল্যান্ডে। ৫ দশমিক ৮ মিটার লম্বা এই কুমিরটিই লোলং ধরা পড়ার আগে সর্ববৃহৎ কুমির বলে পরিচিত ছিল।
