২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চল

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্যান্ডির ক্ষত সেরে উঠতে না উঠতে ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চল। প্রবল তুষারপাত ও ঝড়ো হাওয়ার কারণে অন্তত একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2013, 01:35 PM

Updated : 13 Oct 2022, 02:47 PM

তুষারঝড়ের কারণে উত্তরপূর্বাঞ্চলীয় পাঁচটি স্টেটে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কয়েক লাখ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। বাতিল হয়েছে কয়েক হাজার ফ্লাইট।

তুষারঝড়ে নিউ ইয়র্কে এক নারীর মৃত্যু হয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। ঝড়ের শুক্রবার রাতে ম্যাসাচুসেটসের একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কমিশন আশস্ত করেছে।

টানা দুদিনের প্রবল তুষারপাতের সঙ্গে ঝড়ো হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার বিকালে ঘণ্টায় ৫৬ থেকে ৬৪ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়। রাতে তা ঘণ্টায় ৬০ কিলোমিটারেরও বেশি বেগে পৌঁছায়।

তুষারঝড়ের কারণে ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, কানেকটিকাট, নিউ ইয়র্ক ও মেইনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শনিবার ভোর রাত পর্যন্ত নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে আট ইঞ্চি তুষার জমেছে বলে জাতীয় আবহাওয়া দপ্তরের বুলেটিনে বলা হয়েছে।

শুক্রবার বিকাল থেকে বেশিরভাগ গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেন ম্যাসাচুসেটসের গভর্নর ডেভাল প্যাট্রিক। একই সময় শুধু জরুরি কাজে নিয়োজিত গাড়ি ছাড়া অন্য সব যানবাহনের জন্য মহাসড়কগুলো বন্ধ করে দেন কানেটিকাটের গভর্নর ড্যানেল ম্যালয়।

শুক্রবার রাত নাগাদ নিউ ইয়র্ক থেকে ওয়েস্টচেস্টার, লং আইল্যান্ড ও কানেটিকাটের কমিউটার ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়।

জনগণকে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়ে কানেটিকাটের গভর্নর বলেন, “এই ঝড়কে গুরুত্বের সঙ্গে নিতে হবে। জরুরি না হলে ঘরের বাইরে যাওয়া যাবে না।”

ঝড়ের কারণে ম্যাসাচুসেটসে এক লাখ ৬০ হাজার, রোড আইল্যান্ডে প্রায় দুই লাখ ও কানেটিকাটে ৩৪ হাজার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

জনসাধারণকে ঘরে থাকার আহ্বান জানিয়ে নিউ ইয়র্কের গভর্নর মাইকেল ব্লুমবার্গ বলেন, “আপনারা ঘরে বসে রান্না-বান্না করুন অথবা সিনেমা দেখুন।”

১৯৭৮ সালের  পর  যুক্তরাষ্ট্রের এই অঞ্চল এবারই  প্রথম এ ধরনের তুষারঝড়ের মুখে পড়েছে।

শনিবার স্থানীয় সময় বেলা ১টা পর্যন্ত এ দুর্যোগ অব্যাহত থাকবে বলে জাতীয় আবহাওয়া  দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, শনিবার বোস্টনে ৩০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে এবং নিউ ইয়র্ক, কানেটিকাট ও মেইনে আরো বেশি গতিতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি তুষারপাত বাড়তে পারে।

গত অক্টোবরে ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতে একবার লন্ডভন্ড হয়ে যাওয়া এ এলাকার কিছু অংশে জ্বলোচ্ছাসের আশঙ্কা রয়েছে।

ঘূর্ণিঝড় স্যান্ডির প্রভাবে পানিতে তলিয়ে যাওয়া কিছু এলাকায় আবারো পানি উঠতে পারে,” বলেন ব্লুমবার্গ।