‘রাডার ঘটনার প্রমাণ তুলে ধরতে পারে জাপান’
একটি জাপানি যুদ্ধজাহাজের দিকে চীনা একটি জাহাজ থেকে লক্ষ্যস্থল নির্ধারণী রাডার তাক করা হয়েছিল, জাপানের পক্ষ থেকে এমন অভিযোগের প্রমাণ তুলে ধরা হতে পারে বলে জানিয়েছে জাপানি গণমাধ্যমগুলো।
জাপানি প্রতিরক্ষামন্ত্রী ইটসুনোরি অনোদেরার উদ্ধৃতি দিয়ে এ খবর জানায় তারা।
চলতি বছরের ৩০ জানুয়ারি পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জের জলসীমায় একটি জাপানি ডেস্ট্রয়ারের দিকে একটি চীনা ফ্রিগেটের লক্ষ্যস্থল নির্ধারণী রাডার তাক করা হয়েছিল বলে অভিযোগ করে জাপান। গোলা নিক্ষেপ করার জন্যই সাধারণত এ ধরণের রাডার তাক করা হয়ে থাকে।
জাপানি অভিযোগ উড়িয়ে দিয়ে চীন জানায়, তাদের জাহাজগুলোতে সাধারণ জরিপকাজে ব্যবহার করার মতো রাডার ছাড়া অন্য কোনো রাডার নেই।
বিতর্কিত দ্বীপের মালিকানা নিয়ে বিদ্যমান চীন-জাপান উত্তেজনায় এই ‘রাডার’ ঘটনা নতুন মাত্রা যোগ করে।
এ বিষয়ে কি পরিমাণ তথ্যপ্রমাণ তুলে ধরা হবে তা জাপান বিবেচনা করে দেখছে বলে জানিয়েছেন অনোদেরা।
কিয়োডে সংবাদ সংস্থা প্রকাশিত উদ্ধৃতিতে অনোদেরা বলেন, “কি প্রকাশ করা যায় সরকার তা খতিয়ে দেখছে ।”
মিথ্যা অভিযোগের মাধ্যমে জাপান চীনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাইছে বলে শনিবার অভিযোগ করেছে চীন।
চীনে দিয়াইউ এবং জাপানে সেনকাকু নামে পরিচিত পূর্ব চীন সাগরের বেশ কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে সম্প্রতি চীন ও জাপানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
জাপানের দখলে থাকা এসব দ্বীপের ওপর ভূখণ্ডগত ও ঐতিহাসিক মালিকানা দাবি করেছে চীন।
