হাসপাতাল ছাড়লেন মালালা
পাকিস্তানে নারীশিক্ষার পক্ষে আন্দোলন চালিয়ে গুলিবিদ্ধ মালালা ইউসুফজাইকে চিকিৎসার পর শুক্রবার লন্ডনের একটি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই হাসপাতালেই তাকে দীর্ঘ চারমাস চিকিৎসা দেওয়া হয়।
সম্প্রতি ১৫ বছর বয়সী স্কুলশিক্ষার্থী মালালার মাথার খুলিতে জটিল সফল অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর তিনি ‘দ্বিতীয় জীবন’ পেয়েছেন বলে উল্লেখ করেন।
বিশ্বব্যাপী মানুষের সমর্থন ও ভালবাসা পাওয়ায় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
ওই সময় তিনি আরো বলেন, “আমি কাজ করে যেতে চাই জনগণের জন্য। আর চাই প্রতিটি নারী, প্রতিটি শিশু শিক্ষিত হয়ে উঠুক।“নারীশিক্ষার জন্য ‘মালালা তহবিল’ চালুরও ঘোষণা দেন তিনি।
মালালা ২০১২ সালের ৯ অক্টোবর পাকিস্তানের সোয়াত উপত্যকায় দুই সহপাঠীসহ তালেবানের গুলিতে আহত হন।
উন্নত চিকিত্সার জন্য তাকে যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হাসপাতালে নেয়ার আগে পাকিস্তানেই তার মাথায় বিদ্ধ বুলেট অস্ত্রোপচার করে বের করা হয়।
এরপর বার্মিংহামে কয়েক সপ্তাহের বিশেষ চিকিৎসার পর জানুয়ারিতে তাকে কুইন এলিজাবেথ হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছিল।
এরপর তার মাথার খুলির ক্ষত সারাতে ওই হাসপাতালেই আবার দুই দফা অস্ত্রোপচার করা হয়। প্রথম পর্যায়ের অস্ত্রোপচারে মালালার খুলির ক্ষতস্থানে ধাতব পাত বসানো হয়। ২য় পর্যায়ে বসানো হয় একটি শ্রবণ যন্ত্র।
মেয়েদের শিক্ষার অধিকারের জন্য প্রচার চালানোর কারণে মালালকে গুলি করে হত্যার চেষ্টা করে পাকিস্তানি তালেবানরা।এরপর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে মালালার নামটি আলোচিত হচ্ছে।
