২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরি জঙ্গি আফজাল গুরুর ফাঁসি কার্যকর

ভারতীয় পার্লামেন্টে হামলার সঙ্গে জড়িত কাশ্মিরি জঙ্গি আফজাল গুরুর ফাঁসি কার্যকর করেছে ভারত। শনিবার সকাল ৮টায় দিল্লির তিহার জেলে তার ফাঁসি কার্যকর করা হয়েছে বলে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশিল কুমার সিন্ধের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 09 Feb 2013, 04:10 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

জেলখানার ভেতরেই তাকে কবর দেওয়া হবে বলে জানা গেছে। ৮ বছর আগে ফাঁসিতে মৃত্যুদণ্ড পাওয়ার পর থেকে তিহার জেলেই তিনি বন্দি ছিলেন।

২৩ জানুয়ারি ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় তার মৃত্যুদণ্ড অনুমোদন করে, আর ২৬ তারিখে প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় তার প্রাণভিক্ষার আবেদন নামঞ্জুর করেন।

২০০৪ সালে ভারতীয় সর্বোচ্চ আদালত গুরুকে মৃত্যুদণ্ডের শাস্তি দেয়। ২০০৬ সালের ২০ অক্টোবর রায় কর্যকর হওয়ার দিন নির্ধারিত ছিল। কিন্তু স্ত্রীর প্রাণভিক্ষার আবেদনের পরিপ্রেক্ষিতে আফজাল গুরুর মৃত্যুদণ্ডের রায় কার্যকর স্থগিত করা হয়।

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় শিগগিরই তার ফাঁসি কার্যকর হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে ধারণা করা হচ্ছে।

আফজালের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর সহিংস প্রতিক্রিয়ার আশঙ্কায় কাশ্মির উপত্যকার ১০টি জেলার সবগুলোতে কারফিউ জারি করা হয়। কিছু অংশে কেবল টিভির সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

আফজাল গুরু সুবিচার পায়নি বলে অনেক কাশ্মিরিই মনে করেন।তার ফাঁসি কার্যকর করা হলে কাশ্মিরের পরিস্থিতি বিপর্যয়কর হয়ে উঠবে বলে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বারবার সতর্ক করেছেন।

২০০১ সালের ডিসেম্বরে প্রচুর অস্ত্রশস্ত্রে সজ্জিত পাঁচ জঙ্গি নয়াদিল্লিতে ভারতীয় পার্লামেন্টে হামলা চালায়। হামলায় ৯ জন নিহত হয় যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য। নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাল্টা গুলিতে হামলাকারীরা সবাই নিহত হয়।

পার্লামেন্টের উভয়কক্ষের অধিবেশন শেষ হওয়ার পরপরই হামলাটি চালানো হয়। পার্লামেন্টের ভিতরে তখনো তৎকালীন উপপ্রধানমন্ত্রী এলকে আদভানিসহ অনেক মন্ত্রী ও সদস্য উপস্থিত ছিলেন।

এর কয়েকদিন পরেই এই হামলা পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার দায়ে আফজাল গুরুকে গ্রেপ্তার করা হয়।

ফাঁসি কার্যকরের প্রতিবাদে হুররিয়াত কনফারেন্স জম্মু-কাশ্মিরে তিন দিনব্যাপী লাগাতার হরতাল ডেকেছে।