জাম্বিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৫৩
জাম্বিয়ায় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫৩ জন নিহত হয়েছে। বাসটিতে ৭৩ জন যাত্রী ছিল। এটি দেশটির সড়ক দুর্ঘটনার ইতিহাসে অন্যতম ভয়াবহ ঘটনা।
বৃহস্পতিবার লুসাকার উত্তরাঞ্চলে মহাসড়কে যাত্রীবাহী উচ্চগতির ওই বাস ও ট্রাকের সংঘর্ষ হয় বলে দ্য ডন সংবাদ মাধ্যম জানিয়েছে।
দেশটির ভাইস প্রেসিডেন্টের কার্যালয়ের কর্মকর্তা হ্যারি কালাবা জানিয়েছেন, ‘আমি নিশ্চিত করছি ৫৩ জন মানুষ এই দুর্ঘটনায় নিহত হয়েছেন।’
তিনি আরো বলেন, দুটি যানই বেপরোয়া গতির কারণে দুর্ঘটনার শিকার হয়েছে।
জাম্বিয়ার পোস্টালসার্ভিস বাস যাত্রীবাহী বাস সার্ভিসও পরিচালনা করে থাকে। ওই বাসটি খনি প্রদেশ কপারবেল্ট থেকে লুসাকার উদ্দেশে যাচ্ছিল।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া একযাত্রী হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় জানিয়েছেন, মুখোমুখি আসা অন্য একটি গাড়িকে জায়গা দিতে গিয়ে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে।
বাসটির আরোহীদের মধ্যে ৫১ জন আর ট্রাকের চালক ও তার সহকারীও এতে নিহত হয়েছে।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া অন্ততপক্ষে ২২ জন নিকটবর্তী মিশনারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ১২শ’ মানুষ নিহত হয়।
