হামাস-ফাতাহ ‘ঐক্য আলোচনা চলছে’
জাতীয় ঐক্য সরকার গঠন নিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনা চলছে বলে বিবিসি কে জানিয়েছেন হামাস নেতা খালেদ মেশাল।
ফিলিস্তিনের মূল দুই রাজনৈতিক দল হামাস ও ফাতাহ একত্র হয়ে সরকার গঠনের জন্য আলোচনায় বসেছে বলে জানিয়েছেন হামাস নেতা খালেদ মেশাল।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে বলে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জানান তিনি।
একইসঙ্গে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের প্রস্তুতিও নেয়া হচ্ছে বলে জানান এ হামাস নেতা।
ফিলিস্তিনের বিভিন্ন অংশের কর্তৃত্ব প্রেসিডেন্ট আব্বাসের ফাতাহ গ্রুপ ও অন্যান্য জঙ্গি সংগঠনের মধ্যে খণ্ডিত অবস্থায় থাকায় বেশ কয়েকবছর ধরেই স্থগিত হয়ে আছে দেশটির সাধারণ নির্বাচন।
বর্তমানে ফিলিস্তিনের গাজা অংশের নিয়ন্ত্রণ হামাস ও পশ্চিম তীরের নিয়ন্ত্রণ ফাত্তাহ গ্রুপের হাতে রয়েছে। ২০১১ সালের মে মাসে এ দুটি দল একটি পুনর্মিলনী চুক্তি সই করলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
তবে সাম্প্রতিক সময়ে এ দুটি দলের মধ্যে নৈকট্য বেড়েছে বেশ। বিবিসি’র আলোচনা অনুষ্ঠান হার্টকে খালেদ মেশাল বলেন, ‘আমরা পুনর্মিলনীর পথে এগোচ্ছি। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি সরকার গঠনের ব্যাপারে আলোচনা করছি আমরা।’
তিনি আরো বলেন, আমরা ‘প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন’কে পুনরুজ্জীবিত করছি। জাতীয় কাউন্সিল ও নির্বাহী পর্ষদ নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত আমরা এর মাধ্যমেই আলোচনা চালিয়ে যাব।
২০০৬ সালে ফিলিস্তিনের পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয় হামাস। এরপর থেকে ফাতাহর গ্রুপের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে এ দলটির। দল দুটির মধ্যে সংঘর্ষ শুরু হলে ২০০৭ সালে সহিংসতার মধ্যে দিয়ে গাজা থেকে ফাতাহকে হঠিয়ে দেয় হামাস।
হামাসের দীর্ঘদিনের মিত্র সিরিয়া। কিন্তু সাক্ষাৎকারে মেশাল জানিয়েছেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে মতপার্থক্য হওয়ায় তার দলকে দামেস্ক থেকে জোর করে বের করে দেওয়া হয়েছে। কিন্তু প্রেসিডেন্ট আসাদ এখনো হামাসকে সমর্থন করেন বলে তিনি দাবি করেছেন।
তিনি আরো বলেন, “এ বিষয়ে কোনো সন্দেহ নেই, সিরিয়ার সহিংসতা নিয়ন্ত্রণে সরকার যেভাবে সেনাবাহিনীকে ব্যবহার করছে এ বিষয়টি আমরা সমর্থন করি না। সিরিয়ার গণহত্যা আমাদের অত্যন্ত মর্মাহত করেছে। […] এমন কি সিরিয়া বিষয়ে ইরানের অবস্থানের সঙ্গেও আমাদের মতভেদ রয়েছে।”
ইসরায়েলসহ পশ্চিমা দেশগুলো হামাসকে জঙ্গি সংগঠন বলে অভিহিত করে থাকে। তবে হামাসের সমর্করা তাদের সশস্ত্র আন্দোলনকে একটি বৈধ প্রতিরোধ আন্দোলন এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার বলেই মনে করে।
