২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইএ’র ড্রোন ঘাঁটি সৌদিতে

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ সৌদি আরবে গত দু’বছর ধরে গোপনে চালক বিহীন বিমান (ড্রোন) ঘাঁটি পরিচালনা করছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2013, 01:32 PM

Updated : 25 Apr 2022, 06:20 PM

ইয়েমেনে আরব উপদ্বীপের আল কায়েদা সদস্যদের হদিস পেতে সৌদি আরবে ঘাঁটিটি গড়ে তোলা হয়েছে।

২০১১ সালের সেপ্টেম্বরে এ ঘাঁটি থেকেই চালানো ড্রোন হামলায় নিহত হন আল কায়েদা ইন এরাবিয়ান পেনিনসুলার(একিউএপি)বৈদেশিক অভিযান পরিচালনা প্রধান আনোয়ার আল আওলাকি।

তখন থেকেই গোপন এই ড্রোন ঘাঁটির অস্তিত্ব সম্পর্কে জানতে পারে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম।কিন্তু এ ব্যাপারে তারা কোনো প্রতিবেদন প্রকাশ করেনি।

ড্রোন ঘাঁটির বিষয়টি গোপন রাখার ব্যাপারে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের ভাষ্য, এ ঘাঁটির কথা ফাঁস হয়ে গেলে একিউএপি’র বিরুদ্ধে চলমান অভিযান ক্ষুন্ন হতে পারে বলে তারা উদ্বিগ্ন ছিলেন।তাছাড়া, এতে করে সৌদি আরবের সঙ্গে সন্ত্রাস-বিরোধী অভিযানে সহযোগিতায়ও ছেদ পড়ার আশঙ্কা ছিল।

তবে গোপন এই ড্রোন ঘাঁটির অবস্থান সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদনে। আর সৌদি আরব সরকারও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

নিউ ইয়র্ক টাইমস এর খবরে বলা হয়েছে, ২০০৯ সালে এ ঘাঁটি নির্মাণের নির্দেশ দেয়া হয়।

তারপর আরব উপদ্বীপের আল কায়েদা শাখা প্রধান আওলাকিকে হত্যার জন্য সিঅাইএ প্রথম এ ঘাঁটি ব্যবহার করে বলে পত্রিকাটিকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

তখন থেকেই ইয়েমেনে আল কায়েদা জঙ্গিদের বিরুদ্ধে নিয়মিতই এখান থেকে অভিযান পরিচালনা করছে সিআইএ।

১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের পর ২০০৩ সালে ৫ হাজার থেকে ১০ হাজার মার্কিন সেনা সৌদি আরব থেকে প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র।কেবলমাত্র রিয়াদের নিরাপত্তাবাহিনীকে ‘প্রশিক্ষণ দেওয়ার জন্য’ সেখানে রয়ে যায় কিছু সংখ্যক মার্কিন সেনা।

এ পরিস্থিতিতে সেখানে গোপনে চালক বিহীন বিমান ঘাঁটি পরিচালনার এ তথ্য ফাঁস ওয়ার্শিটন এবং সৌদি আরব দু’দেশের জন্যই বিব্রতকর বলে মনে করছেন বিশ্রেষকরা।

‘দ্য ওয়াশিংটন পোস্ট’ জানিয়েছে, প্রেসিডেন্ট বারাক ওবামার সন্ত্রাস-বিরোধী উপদেষ্টা এবং সৌদি আরবে সাবেক সিআইএ স্টেশন প্রধান জন ব্রেনান রিয়াদ সরকারের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এ ড্রোন ঘাঁটি গড়ায় মূল ভূমিকা রাখেন।

সৌদি আরব একিউএপিকে তাদের অভ্যন্তরীন নিরাপত্তায় প্রত্যক্ষ হুমকি বলেই মনে করে।সৌদি রাজপরিবার এবং জ্বালানি সম্পদের ওপর আল কায়েদার হামলার আশঙ্কা থেকেই রিয়াদ ড্রোন হামলার অনুমতি দেয় বলে বিবিসি কে জানিয়েছেন উপসাগরীয় রাজনীতি বিষয়ক এক বিশেষজ্ঞ।