২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু পরীক্ষার চেয়েও বড় হুমকি উত্তর কোরিয়ার

তৃতীয়বারের মতো পরমাণু পরীক্ষা চালানোর চেয়েও ‘কঠোর’ পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।

রয়টার্স

.

রয়টার্স

Published : 05 Feb 2013, 04:13 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

ডিসেম্বরে রকেট পরীক্ষা চালানোর পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়ায় জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের জবাবেই দেশটির এ হুমকি বলে মনে করা হচ্ছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র খবরে বলা হয়েছে, “ডিপিআরকে (ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কোরিয়া বা উত্তর কোরিয়া)এই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে যে, তাদেরকে পরমাণু পরীক্ষার চেয়েও বলিষ্ঠ কোনো পদক্ষেপ নিতে হবে।বৈরি শক্তিগুলোর পরমাণু যুদ্ধের যে দামামা দিন দিনই প্রকট হয়ে উঠছে তা মোকাবেলা করতেই এ পথে হাঁটতে হবে উত্তর কোরিয়াকে।”

তবে এ ‘বলিষ্ঠ’ পদক্ষেপটি কি সে সম্পর্কে উত্তর কোরিয়া কিছু বলেনি।

উত্তর কোরিয়া প্রায়ই দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হম্বিতম্বি করে আসছে।২০১০ সালে দক্ষিণ কোরিয়ার একটি নৌজাহাজ ডুবিয়ে দেয়ার অভিযোগ আছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে।একই বছরে দক্ষিণ কোরিয়ায় গোলা হামলা চালিয়ে মানুষ হত্যাও করেছে উত্তর কোরিয়া।

তবে দক্ষিণ কোরিয়ায় আঘাত হানতে সক্ষম হলেও উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম না।

যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার চালানো যৌথ সামরিক মহড়াকে আগ্রাসনের মহড়া বলে অভিহিত করে আসছে উত্তর কোরিয়া। তবে ওয়াশিংটন এবং সিউল এ অভিযোগ অস্বীকার করে আসছে।

উত্তর কোরিয়া গত বছর ডিসেম্বরে জাতিসংঘ প্রস্তাবনা উপেক্ষা করে দূর পাল্লার রকেট পরীক্ষা চালায়। ২০০৬ এবং ২০০৯ সালে উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষা চালানোর পর এ ধরনের কোনো পরীক্ষা বা পরমাণু প্রযুক্তির পরীক্ষা চালানো নিষিদ্ধ করে জাতিসংঘ।

কিন্তু উত্তর কোরিয়া শান্তিপূর্ণ উদ্দেশ্যে রকেট পরীক্ষা চালানোর সার্বভৌম অধিকার তাদের আছে বলে দাবি করে আসছে।