আসাদকে শান্তি আলোচনার প্রস্তাব বিরোধীদের
সিরিয়াকে আরো বড় ধ্বংসের হাত থেকে বাঁচাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দেয়া নিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে বিরোধী পক্ষ।
সোমবার সিরিয়ার প্রধান বিরোধী জোটের নেতা মোয়াজ আল খতিব প্রেসিডেন্ট আসাদকে আলোচনার এ প্রস্তাব দিয়ে তা গ্রহণ করার আহ্বান জানান।এ ব্যাপারে সমঝোতার জন্য প্রেসিডেন্টের ডেপুটি ফারুক আল শারা’র সঙ্গে বৈঠক করতেও প্রস্তুত বলে জানান খতিব।
আসাদের ভাইস প্রেসিডেন্টের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি শাসকগোষ্ঠীকে বিনীতভাবে জানাচ্ছি, তারা এ প্রস্তাব মানলে ফারুক আল শারা কে পাঠাতে। আমরা তার সঙ্গে আলোচনায় বসতে পারি।”
রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর খতিব বলেন, তাদের কেউই সিরিয়ায় ২২ মাসের সংঘাত সমাধানের ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি। ফলে সিরিয়াকেই এ সমস্যার সমাধান করতে হবে।
“এ ইস্যু সমাধানের বিষয়টি এখন রাষ্ট্রের হাতে... ক্ষয়ক্ষতি সীমিত রেখে ক্ষমতা ছাড়ার জন্য আলোচনায় আসার প্রস্তাব মেনে নেয়ার মধ্যে। শাসকগোষ্ঠীকে আলোচনার ব্যাপারে স্পষ্ট অবস্থান নিতে হবে। আর আমরা জনগণের স্বার্থে তাদেরকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে সহায়তার হাত বাড়িয়ে দেব” বলেন তিনি।
