‘মহাশূন্যে মানুষ পাঠাতে প্রস্তুত ইরান’
উস্কানিমূলক কথাবর্তা বলার জন্য আহমাদিনেজাদ বিশেষভাবে পরিচিত। তার এই বক্তব্যও সেরকম প্ররোচনামূলক কি না, নাকি তিনি সত্যকথাই বলেছেন, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
মহাকাশ কর্মসূচীর অংশ হিসেবে পৃথিবীর কক্ষপথে প্রথম মহাশূন্যচারী পাঠাতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।
সোমবার তিনি এ কথা বলেছেন বলে ইরানি গণমাধ্যমগুলোর সূত্রে জানিয়েছে এনডিটিভি।
সাফল্যজনকভাবে কক্ষপথে একটি বানর পাঠিয়ে সেটিকে জীবন্ত ফিরিয়ে আনা হয়েছে বলে গত সপ্তাহে ঘোষণা করেছে ইরান। মহাকাশে মানুষ পাঠানোর লক্ষ্যের জন্য এটিকে একটি বড় সাফল্য বলে দাবী করেছিল ইরানি কর্মকর্তারা।
এই উৎক্ষেপণে ইরানের মহাকাশ কর্মসূচী নিয়ে পশ্চিমা উদ্বেগ আরো বেড়ে যায়। কারণ এই একই রকেট প্রযুক্তি ব্যবহার করে ব্যালিস্টিক মিসাইলে পরমাণু অস্ত্র সংযোজন করেও উৎক্ষেপণ করা যাবে।
ইরানি বার্তা সংস্থা মেহের প্রচারিত সংবাদে আহমাদিনেজাদ বলেন, “ইরানি বিজ্ঞানীদের মাধ্যমে মহাশূন্যে প্রথম মানুষ পাঠাতে আমি প্রস্তুত।”
তেহরানে মহাকাশ কর্মসূচীর সাফল্য নিয়ে আয়োজন করা এক প্রদর্শনীতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “মহাশূন্যে প্রাণী পাঠানো কয়েক হাজার নিবেদিতপ্রাণ ইরানি বিজ্ঞানী ও ইরানের চেষ্টার ফসল।”
উস্কানিমূলক কথাবর্তা বলার জন্য আহমাদিনেজাদ বিশেষভাবে পরিচিত। তার এই বক্তব্যও সেরকম প্ররোচনামূলক কি না, নাকি তিনি সত্যকথাই বলেছেন, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
