ক্যালিফোর্নিয়ায় বাস দুর্ঘটনায় ৮ জন নিহত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাংশের পার্বত্যাঞ্চলীয় সড়কে একটি পর্যটক বাস দুর্ঘটনায় অন্ততপক্ষে ৮জন নিহত হয়েছে।
সান বার্নার্দিনো জাতীয় বনাঞ্চলের কাছে রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।
দুর্ঘটনাস্থলটি লস অ্যাঞ্জেলেস থেকে ৮০ মাইল পূর্বে অবস্থিত।
বাসটির সঙ্গে অপর দুটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর উদ্ধারকারীরা প্রায় দুই ঘণ্টা সময় নিয়ে বাসের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করেছ বলে জানা গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, আহত ২৭ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
তবে ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। কিন্তু ক্যালিফোর্নিয়ার মহাসড়ক তদারককারী সংস্থার মুখপাত্র মারিও লোপেজ জানিয়েছেন, বাসচালক বিগ স্কাই রিসোর্ট এলাকা অতিক্রম করার সময় বাসটির ব্রেক-এ সমস্যার কথা জানিয়েছিলেন।
একটি সেডান ও একটি পিকআপ ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
কয়েকজন যাত্রী জানিয়েছেন, দুর্ঘটনার পর তারা বাসটি থেকে ছিটকে পড়ে আর অন্যরা ভেতরে আটকা পড়ে।
বাসটির আরোহী পর্যটকেরা মেক্সিকোর তিযুনা থেকে এসেছেন বলে ট্রান্সপোর্ট সংস্থার মুখপাত্র মিশেল প্রোফ্যান্ট জানিয়েছেন।
মেক্সিকোর কনস্যুলেটের প্রতিনিধি ঘটনাস্থলে গেছেন বলে জানা গেছে।
