সমালোচনার মুখে সিরিয়ার বিরোধীদলীয় নেতা আল খতিব
প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্র রাশিয়া ও ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সমালোচনার মুখে পড়েছেন সিরিয়ার বিরোধীদলীয় জোটের নেতা মুয়াজ আল খতিব।
বিরোধীদলীয় অন্যান্য নেতাদের আশ্বস্থ করার উদ্দেশ্যে তিনি রোববার তড়িঘড়ি করে জার্মানির মিউনিখ থেকে সিরিয়ার সম্মিলিত বিরোধীদলের প্রধান কার্যালয়ের উদ্দেশে কায়রো রওনা হয়েছেন।
সিরিয়ার বিরোধীদলের কার্যালয়টির অবস্থান মিশরের রাজধানী কায়রোতে আর মিউনিখে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনেই খতিব রুশ ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন।
নিজ দলের নেতাদের খতিবের সিদ্ধান্তে সন্দেহ হলেও তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদ্বয় এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
তারা আসাদ সরকারের সঙ্গে খতিবের আলোচনা করার ইচ্ছা প্রকাশকে সিরিয়ার দুইবছরের গৃহযুদ্ধ অবসানে একটি বড় ধরনের পদক্ষেপ বলে চিহ্নিত করেছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি খতিবের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছেন, তিনি সিরিয়ার সম্মিলিত বিরোধীদলের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চান।
তিনি বলেন, “রক্তক্ষয় বন্ধ করতে চাইলে আমাদের প্রত্যেক পক্ষকে পরস্পরকে দোষারোপ করা বন্ধ করতে হবে।”
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রোববার ইতার তাস বার্তা সংস্থাকে বলেছেন, “এটি খুব গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। কারণ আসাদ সরকারের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকার করার ফলেই এই বিরোধীদলীয় জোটটি তৈরি হয়েছিল।”
রাশিয়া ও ইরান আসাদ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিত্র ও অস্ত্র সরবরাহকারী।
মিউনিখের সম্মেলনে অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের রাজনীতিকরা আল খতিবের “সাহসের” প্রশংসা করেছেন।
কিন্তু মধ্যপহ্নী ধর্মীয় নেতা খতিবকে তার সিদ্ধান্তের জন্য কায়রোয় নির্বাসিত নিজ দলের সহনেতাদের সমালোচনার মধ্যে পড়তে হয়েছে।
দেড় লাখ বন্দী ও বিদেশে আশ্রয় নেওয়া কয়েক লাখ সিরীয় শরণার্থীকে পাসপোর্ট দেওয়ার বিনিময়ে আসাদ সরকারের সঙ্গে বৈঠক করার ইচ্ছা প্রকাশ করেছেন খতিব।
সিরিয়ার সম্মিলিত বিরোধী দলের ১২ সদস্যের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ওয়ালিদ আল বুন্নি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আল খতিবের বৈঠক ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, “এটি একটি অসফল প্রচেষ্টা। যে কারণে সিরিয়ায় বিপ্লব হচ্ছে সেসব বিষয়ে কোনো ধরনের সহায়তা করতে ইরানিরা প্রস্তুত নয়।”
খতিবের সিদ্ধান্তের ব্যাখ্যা জানার জন্য কায়রোর দপ্তরে ৭০ দলীয় বিরোধী জোট একটি বৈঠকের আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বুন্নি।
সিরিয়ার বিদ্রোহীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সৌদিপন্থী কট্টরপন্থী সালাফিদের অংশগ্রহণ থাকলেও তাদের সঙ্গে মধ্যপন্থী খতিবের মতভেদ আছে। প্রধানত মুসলিম ব্রাদারহুডের চাপে গত বছর খতিবকে সম্মিলিত বিরোধীদলীয় প্রধান হিসেবে মেনে নেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক খতিবের এক সহকর্মীও তাদের নেতার সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, “রুশ ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীর রোববারের মন্তব্য থেকেই বোঝা যায় তারা এখনও আসাদকে সমর্থন করে যাচ্ছে।”
