সুস্থ হয়ে উঠছেন মালালা
মাথার খুলির ক্ষত সারাতে শনিবার অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন তালেবানদের গুলিতে গুরুতর আহত পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই।
১৫ বছর বয়সের এই কিশোরী গত ৯ অক্টোবর পাকিস্তানের সোয়াত উপত্যকায় দুই সহপাঠীসহ তালেবানের গুলিতে আহত হয়।
উন্নত চিকিত্সার জন্য তাকে যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হাসপাতালে নেয়ার আগে পাকিস্তানেই তার মাথায় বিদ্ধ বুলেট অস্ত্রোপচার করে বের করা হয়।
এরপর বার্মিংহামে কয়েক সপ্তাহের বিশেষ চিকিৎসার পর জানুয়ারিতে তাকে কুইন এলিজাবেথ হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছিল।
আর এখন তার মাথার খুলির ক্ষত সারাতে ওই হাসপাতালেই গত শনিবার দুটো অস্ত্রোপচার করা হয়েছে।প্রথম পর্যায়ের অস্ত্রোপচারে মালালার খুলির ক্ষতস্থানে ধাতব পাত বসানো হয়েছে।২য় পর্যায়ে বসানো হয়েছে একটি শ্রবণ যন্ত্র।
খুব কাছ থেকে গুলি করায় মালালার বাঁ কানের পর্দা নষ্ট হয়ে যাওয়ায় সে ওই কানে কিছুই শুনতে পায় না বলে জানান চিকিৎসকরা।
শনিবার ৫ ঘণ্টার ওই অস্ত্রোপচারের পর মালালা সুস্থ হয়ে উঠছেন এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতালের এক মুখপাত্র।
মালালার অবস্থার উন্নতিতে চিকিৎসক দল খুবই সন্তুষ্ট বলে জানানো হয়েছে বিবিসির খবরে। মালালা এরই মধ্যে চোখ মেলেছেন এবং হাসপাতালের কর্মচারি ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন বলে জানা গেছে।
মেয়েদের শিক্ষার অধিকারের জন্য প্রচার চালানোর কারণে গত বছর অক্টোবরে মালালকে গুলি করে হত্যার চেষ্টা করে পাকিস্তানি তলেবানরা।এর পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে মালালার নামটি আলোচিত হচ্ছে।
নারীশিক্ষা নিয়ে তালেবানদের বিরোধী অবস্থান এবং চরমপন্থিবিরোধী শক্তিগুলোর প্রতীকে পরিণত হয়েছেন মালালা।
গত ডিসেম্বরে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি মালালাকে দেখতে বার্মিংহামের হাসপাতলে যান।
মালালার পারিবারও এখন যুক্তরাজ্যে অবস্থান করছে। তারা বাবাকে লন্ডনে পাকিস্তান দূতাবাসে চাকরি দিয়েছে সেদেশের সরকার।
