২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেশকে নিঃশেষ করার ষড়যন্ত্র’

নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের কথা তুলে সরকার দেশকে ‘নিঃশেষ’ করে দেয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 09:43 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি বলেন, “বাতিল হওয়া অর্থায়ন না পাওয়ায় মুখ বাঁচানোর জন্য সরকার এখন বলছে, পদ্মাসেতু নির্মাণে বিশ্বব্যাংকের ঋণের দরকার নেই। এ থেকে বোঝা যায়- এতোদিন তারা এই ঋণ নিয়ে নাটক করেছে।”

পদ্মা সেতুন নিয়ে ‘নাটক করার পর’ সরকার এখন ‘সিনেমা’ শুরু করেছে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।  

নজরুল ইসলাম খান বলেন, “বিশ্ব ব্যাংক অধ্যায়ের সমাপ্তির পর অর্থমন্ত্রী বলেছেন, নিজস্ব অর্থায়নেই সেতু হবে। লাভ-লোকসান পরে দেখা যাবে। এখন তারা নাটক শেষ করে রূপালী পর্দার সিনেমা শুরু করেছেন।”

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি এবং যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ করে বিএনপিপন্থী সংগঠন সম্মিলিত পেশাজীবী পরিষদ।

নজরুল ইসলাম খান সমাবেশে বলেন, “দেশের অর্থনীতিবিদরা বলছেন, আমরাও মনে করি; নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ হলে বিশাল অংকের ঋণের ঝোঝা জনগণের ওপর পড়বে। এতে দেশ নিঃশেষ হয়ে যাবে।”

২৯০ কোটি ডলারের এ প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেয়ার কথা ছিল। এছাড়া এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি ও আইডিবি ১৪ কোটি ডলার দেয়ার জন্য চুক্তি করে সরকারের সঙ্গে।

বিশ্ব ব্যাংকের সঙ্গে দীর্ঘ টানাপোড়েনের পর বৃহস্পতিবার দেশের সবচেয়ে বড় এই অবকাঠামো প্রকল্পে অর্থায়নের অনুরোধ আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে নেয়ার কথা জানায় বাংলাদেশ সরকার।

এরপর এডিবি ও জাইকার পক্ষ থেকে সরকারকে জানানো হয়, তারাও আর এ প্রকল্পে থাকছে না।

নজরুল ইসলাম খান বলেন, “পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতি করে সরকার বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করেছে। এ প্রকল্পে দুর্নীতির শেষ নেই। এ জন্য বিশ্বব্যাংকের পর এডিবি ও জাইকাও অর্থায়ন প্রত্যাহার করে নিয়েছে।”

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, “দেশের অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলছেন- বিশ্ব ব্যাংককে বাদ দিয়ে এই সেতু নির্মাণ করা সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে। তাদের মত হচ্ছে, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের অর্থ এবং উচ্চ সুদে ঋণ নিয়ে যদি এই সেতু করা হয়, তাহলে দেশের অর্থনীতির ওপর চাপ পড়বে।”

নির্দলীয় সরকারের দাবি প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, “সরকারকে বলব, দলীয় সরকারের অধীনে নির্বাচন এ দেশের জনগন চায় না। অবিলম্বে নির্দলীয় সরকারের দাবি মেনে নিয়ে ক্ষমতা ছেড়ে দিন। জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিলে আপনাদের বিদায় হবে মর্মান্তিক।”

চলমান আন্দোলনে পেশাজীবীদের সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ারও আহবান জানান তিনি।

সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতা অধ্যাপক এম এ করীমের সভাপতিত্বে সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, শিক্ষক-কর্মচারী পরিষদের প্রধান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক খলিলুর রহমান চৌধুরী, অধ্যাপক শামসুল আলম ও আমীরুল ইসলাম কাগজী সমাবেশে বক্তব্য রাখেন।

‘সরকার বেপরোয়া’

জাতীয় প্রেসক্লাবের সামনে এক ছাত্র সমাবেশে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফরুক বলেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার বেপোরোয়া হয়ে উঠেছে।

“সংসদকে তারা একদলীয় করে ফেলেছে। আন্দোলনে এ সরকারের পতন ঘটবে।”

জাগপা ছাত্রলীগের মহানগর কমিটির উদ্যোগে সাব্বির আলম চৌধুরী, শেখ ফরিদ উদ্দিন ও নুর মোহাম্মদ সুমনসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এ ছাত্র সমাবেশ হয়।

সংগঠনের সভাপতি আব্দুর রহমান ফারুকীর সভাপতিত্বে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খোন্দকার লুৎফর রহমান এই সমাবেশে বক্তব্য দেন।