২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঐক্য সরকার মানতে রাজি নেপালি প্রধানমন্ত্রী

আগামী মে মাসে অনুষ্ঠিতব্য নেপালের জাতীয় নির্বাচন তত্ত্বাবধান করার জন্য একটি জাতীয় ঐক্যমতের সরকারের প্রস্তাবে রাজি আছেন বলে জানিয়েছেন নেপালের মাওবাদী প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই।

রয়টার্স

.

রয়টার্স

Published : 03 Feb 2013, 07:27 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

শনিবার নিজ দল ইউনিফাইড কমিউনিস্ট পার্টি অব নেপালের (মাওবাদী) সম্মেলনে ভাষণে দেওয়ার সময় তিনি এ মনোভাব প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর এই মনোভাবকে নেপালে বিরাজমান রাজনৈতিক অচলাবস্থা অবসানের একটি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

রাজধানী কাঠমাণ্ডু থেকে ৮০ কিলোমিটার দূরের শিল্প শহর হেতাউদা’য় কমিউনিস্ট পার্টির (মাওবাদী) ছয়দিন ব্যাপী ওই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

দলের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী বাবুরাম বলেন, “সাংবিধানিক আইন পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কারো নেতৃত্বে একটি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের প্রস্তাব গ্রহণ করতে আমরা প্রস্তুত।”

তবে ঐক্যমত্যের সরকার গঠিত হলে প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করবেন কিনা এ বিষয়ে কিছু বলেননি তিনি।

সম্মেলনে নেপালের সবচেয়ে ক্ষমতাধর রাজনীতিবিদ মাওবাদী কমিউনিস্ট পার্টির প্রধান পুষ্প কমল দহল প্রচণ্ড জানিয়েছেন, নেপালের রাজনৈতিক অচলাবস্থা নিরসনের একটি পরিকল্পনা তৈরির মধ্য দিয়ে বৃহস্পতিবার ছয়দিন ব্যাপী এই সম্মেলন শেষ হবে।

গত সপ্তাহে সাবেক মাওবাদী বিদ্রোহী নেতা বর্তমান প্রধানমন্ত্রী বাবুরাম আগামী মে’তে নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর এই নির্বাচনী পরিকল্পনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে নেপালের বিরোধী দলগুলো।