‘আঞ্চলিক অস্থিরতা ছড়ানোর তৎপরতা বৃদ্ধি করছে ইরান’
ইয়েমেনি সেনাবাহিনী অস্ত্র বোঝাই একটি জাহাজ আটক করে যেগুলোর মধ্যে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রও ছিল। অস্ত্রগুলো ইয়েমেনি বিদ্রোহীদের জন্য ইরান থেকে পাঠানো হয়েছে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
মিত্র জঙ্গিগোষ্ঠীগুলোর কাছে অবৈধভাবে বিমানবিধ্বংসী অস্ত্রশস্ত্র পাঠিয়ে ইরান মধ্যপ্রাচ্যের আঞ্চলিক অখণ্ডতা বিনষ্ট করার প্রচেষ্টা জোরদার করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা।
শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত সাক্ষাৎকারে প্যানেট্টা এ অভিযোগ করেন।
প্যানেট্টা বলেন, “যখন কেউ আশপাশে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা সিস্টেম (ম্যানপ্যাড) পাচার করবে তখন এ বিষয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না, এটি একটি হুমকি হয়ে উঠছে, শুধু সেনা বিমানের জন্য হুমকি নয়, বেসামরিক বিমানের জন্যও এটি হুমকি হয়ে উঠেছে।”
কাধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রকে ম্যানপ্যাড বলে। এ ধরনের সহজে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র বেসামরিক যাত্রীবাহী বিমান এবং সামরিক হেলিকপ্টার ও জঙ্গি বিমানের জন্য সমান ঝুঁকিপূর্ণ।
২৩ জানুয়ারি ইয়েমেনি সেনাবাহিনী অস্ত্র বোঝাই একটি জাহাজ আটক করে। অস্ত্রগুলোর মধ্যে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রও ছিল। অস্ত্রগুলো ইয়েমেনি বিদ্রোহীদের জন্য ইরান থেকে পাঠানো হয়েছে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
ওই অস্ত্রের দিকে ইঙ্গিত করে প্যানেট্টা বলেন, “এই প্রথম এই ধরনের অস্ত্র দেখলাম আমরা।”
ওয়াল স্ট্রিটে প্রকাশিত প্যানেট্টার এই অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া জানার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় মুখপাত্রকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
তবে ইরান ইয়েমেনের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে।
