আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি অবনতির আশঙ্কা
আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি এমনিতেই অবনতিশীল।আগামী বছর নেটো সেনারা দেশটি ছেড়ে চলে গেলে এর আরো অবনতি ঘটবে বলেই আশঙ্কা করছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি এখনো খারাপ।আগামী বছর নেটো-নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান থেকে বিদায় নিলে এর আরো অবনতি ঘটতে পারে।
বৃহস্পতিবার প্রকাশিত বার্ষিক এক বৈশ্বিক প্রতিবেদনে এ আশঙ্কা প্রকাশ করেছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
২০১৪ সালের শেষ নাগাদ আফগানিস্তান থেকে নেটো সেনা প্রত্যাহারের কথা রয়েছে।
এইচআরডব্লিউ’র প্রতিবেদনে বলা হয়, “আফগানিস্তানে দীর্ঘ ১১ বছরের যুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ক্রমেই ঝিমিয়ে পড়তে থাকায় যুদ্ধবাজ নেতা, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ ও মানবাধিকার লঙ্ঘনকারী অন্যান্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই সরকারের ওপর চাপ কমে গেছে।”
ফলে আফগানিস্তানে আগামী দিনগুলোতে মানবাধিকারের সুরক্ষার বিষয়টি নিয়ে গভীর সংশয় দেখা দিয়েছে বলে জানান এইচআরডব্লিউ’র এশিয়া অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর ব্রাড অ্যাডামস।
“দুর্নীতি, আইনের শাসনের অভাব, সরকার পরিচালনায় দুর্বলতা, সহিংস নীতি প্রভৃতি নানা কারণে দেশটিতে নাগরিকদের মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত নাজুক,” বলেন, অ্যাডামস।
প্রতিবেদনে আরো বলা হয়, ২০১৪ সাল শেষের আগেই আফগানিস্তান থেকে ধাপে ধাপে নেটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনী(আইএসএএফ) সরিয়ে নেয়ার কাজ শুরু হলে বর্তমান পরিস্থিতি আরো খারাপের দিকে গড়াবে।
