২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে মার্কিন দূতাবাসে হামলা

তুরস্কের রাজধানী আঙ্কারায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের একপাশের প্রবেশপথে শুক্রবার প্রাণঘাতী বোমা হামলায় অন্তত দুইজন নিহত এবং কয়েকজন আহত হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 01 Feb 2013, 12:04 PM

Updated : 25 Apr 2022, 06:19 PM

এক আত্মঘাতী বোমা হামলাকারী হামলাটি চালায় বলে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম।

নিহতদের একজন দূতাবাসের নিরাপত্তারক্ষী বলে নিশ্চিত করেছেন মার্কিন রাষ্ট্রদূত।অপরজন হামলাকারী নিজে বলে জানিয়েছেন তুরস্কের প্রাদেশিক গভর্নর আলাকতিন ইউকসেল।

তুর্কি কর্মকর্তারা জানান, সন্দেহভাজন এক আত্মঘাতী বোমা হামলাকারী মার্কিন দূতাবাসের বাইরে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত দূতাবাসের প্রবেশপথে একজন তুর্কি কর্মচারী নিহত হওয়ার খবর নিশ্চিত করেন।

ওদিকে, তুরস্কের প্রাদেশিক গভর্নরও সাংবাদিকদের বলেন, “আত্মঘাতী হামলায় ২ জন নিহত হয়েছে।একজন দূতাবাসের তুর্কি নিরাপত্তারক্ষী এবং অপরজন বোমা হামলাকারী নিজে।”

বিস্ফোরণে দূতাবাসের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে খবর পাওয়া গেলেও ভিডিওতে ক্ষতিগ্রস্ত একটি তল্লাশিকেন্দ্র দেখা গেছে।বিস্ফোরণে আহত হয়েছে কূটনীতিক পাড়ার আরো একজন। গুরুতর আহত এক নারীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে দেখার কথা জানিয়েছেন এপি’র এক সাংবাদিক।

দূতাবাসের অন্যান্য কর্মীদের ওই ভবনেরই নিরাপদ কক্ষে নিয়ে যাওয়া হয় বলে তুরস্কের এনটিভি চ্যানেলে জানান এক প্রতিবেদক।

ঘটনার বর্ণনায় এক প্রত্যক্ষদর্শী বলেন, “বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে।আমি দোকানে বসে ছিলাম।বিস্ফোরণের পরপরই মাটিতে দেহের অংশবিশেষের মতো কিছু একটা পড়ে থাকতে দেখলাম।”

হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।তবে সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কে কুর্দি বিচ্ছিন্নতাবাদী থেকে শুরু করে বামপন্থি এবং ইসলামপন্থি জঙ্গিদের অনেকগুলো অবৈধ গোষ্ঠী বেশ কয়েকটি হামলা চালিয়ে এসেছে।

এছাড়া, কট্টর ইসলামপন্থি, কট্টর-বামপন্থি, কট্টর-ডাপন্থি দলগুলোসহ কুর্দি বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরাও অতীতে তুরস্কে নানা হামলা চালিয়েছে।

তুরস্কে সবচেয়ে বড় অভ্যন্তরীন হুমকি হয়ে দেখা দিয়েছে বিচ্ছিন্নতাবাদী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি(পিকেকে)।যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং তুরস্কও এ দলটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবেই দেখে।তবে পিকেকে সাধারণ দেশীয় লক্ষ্যবস্তুতেই হামলা চালিয়ে থাকে।