মেক্সিকোর পিমেক্স কার্যালয়ে বিস্ফোরণ, নিহত ৩২
মেক্সিকোর রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল কোম্পানি পিমেক্সের সদরদপ্তরে এক শক্তিশালী বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবারের ওই বিস্ফোরণে আহত হয়েছে ১শ’র বেশি মানুষ। এ ছাড়াও ওই ভবনের ভেতরে অনেকে আটকাও পড়েছেন।
ওই বিস্ফোরণে ভবনের নিচের তলায় গর্তের সৃষ্টি হয়। এতে আতঙ্কিত কর্মীরা বাইরে বেরিয়ে আসে।
ঠিক কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে রাষ্ট্রীয় একচেটিয়া মালিকানাধীন তেল প্রতিষ্ঠানটির নিরাপত্তা ব্যবস্থাপনা অত্যন্ত নাজুক।আর এই বিস্ফোরণ সর্বসাম্প্রতিক ঘটনা।
গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, যন্ত্রপাতি থেকে বিস্ফোরণের সূত্রপাত।আবার নামপ্রকাশে অনিচ্ছুক ঘটনাস্থলে আসা অ্যাম্বুলেন্স সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন, গ্যাস লিক থেকে এই বিস্ফোরণ ঘটেছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মিগুয়েল অ্যাঞ্জেল ওসোরিও চঙ প্রাথমিক খবরে বিস্ফোরণে অন্ততপক্ষে ২৫ জন নিহত ও শতাধিক মানুষ আহত হওয়ার কথা জানিয়েছিলেন।
পরে পিমেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এমিলিও লোজোয়া এক সংবাদ সম্মেলনে বলেন, বিস্ফোরণে নিহতের সংখ্যা এখন ৩২ জনে দাঁড়িয়েছে।তবে কি কারণে বিস্ফোরণ ঘটল তা এখনো বলা যাচ্ছে না।
দুর্ঘটনার পরপরই পুলিশ ওই ভবনের আশপাশের এলাকায় আটকে দেয়। টেলিভিশনের ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে ভবনটির নিচতলা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে তেল কোম্পানি পিমেক্স বেশ কয়েকটি ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয়েছে। ২০১২ সালের সেপ্টেম্বরে কোম্পানিটির উত্তরাঞ্চলীয় গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণে ৩০ জন নিহত হয়।
