লিবিয়ায় আকস্মিক সফরে ক্যামেরন
পূর্ব ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার আকস্মিক এক সফরে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন।
লন্ডনে ক্যামেরনের কার্যালয় সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ খবর দিয়েছে।
সফরকালে ক্যামেরন লিবিয়ার প্রধানমন্ত্রী আলি জায়দানের সঙ্গে বৈঠক করবেন। পরে এক যৌথ সংবাদ সম্মেলন করবেন। সেখানে ওই অঞ্চলে ইসলামপন্থি জঙ্গিদের হুমকির বিষয়টি নিয়ে তার বক্তব্য দেয়ার কথা রয়েছে।
ডাউনিং স্ট্রিটের এক কর্মকর্তা বলেন, প্রধনমন্ত্রী বৃহস্পতিবার সকালে ত্রিপোলির বিমান বন্দরে পৌঁছান, ওই দেশের কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তার আলোচনার কথা রয়েছে।
ত্রিপোলিতে পৌঁছেই ক্যামেরন লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আসাউর সুয়াইলের সঙ্গে বৈঠক করেছেন। পরে তিনি একটি পুলিশ প্রশিক্ষণ একাডেমি পরিদর্শন করেন।
এর আগে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর ২০১১ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট নিকোলা সারকোজিসহ লিবিয়া সফর করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পেছনে দেশ দুটি সম্মিলিতভাবে কাজ করেছিল।
লিবিয়ায় গাদ্দাফি পরবর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ইসলামী বন্দুকধারীদের অপতৎপরতা দমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। গত বছর দেশটির বেনগাজি শহরে বন্দুকধারীরা হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে যাতে মার্কিন রাষ্ট্রদূতসহ ৪ জনের প্রাণহানি ঘটে।
বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধ দেশ লিবিয়া গাদ্দাফি উত্তর সময়ে বৈদেশিক সাহায্যলাভের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু দেশটিতে জঙ্গি অপতৎপরতার কারণে কয়েকদিন আগে ব্রিটেন তার নাগরিকদেরকে বেনগাজি ছাড়তে বলেছে।
