২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশর হবে আইনের শাসনের দেশ: মুরসি

মিশর সুশাসন ও আইনের শাসনের দেশ হওয়ার পথেই রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি।সঙ্কট নিরসনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার জন্য জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের আহ্বানে সাড়া দিয়ে তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 04:38 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

রাজনৈতিক অস্থিরতাকে পেছনে ফেলে মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি বুধবার জার্মানি সফরে যাওয়ার পরপরই তাকে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সঙ্কটকালীন সংলাপে বসার আহ্বান জানিয়েছেন চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল।

মুরসি তার গণতান্ত্রিক সাফল্য তুলে ধরে ইউরোপকে নমনীয় করার চেষ্টায় এ সফরে গেছেন।কিন্তু দেশে অস্থিরতার কারণে খুব সংক্ষিপ্তভাবে মাত্র কয়েক ঘন্টার এ সফর করছেন তিনি।

সফরকালে মুরসির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মের্কেল বলেন, “আমাদের জন্য যে জিনিসটি গুরুত্বপূর্ণ তা হচ্ছে, সংলাপের পথ।মিশরে সব রাজনৈতিক দলের কাছেই আলোচনার দরজা সবসময়ই খোলা; যাতে বিভিন্ন রাজনৈতিক দল অবদান রাখতে পারে, দেশের মানবাধিকারও অক্ষুন্ন থাকে আর ধর্মীয় স্বাধীনতাও চর্চা হয়।”

মের্কেলের এ আহ্বনের জবাবে মুরসি বলেন, সংলাপে বসা সম্ভব এবং মিশরকে সামরিক শাসন কিংবা ধর্মীয় নেতাদের শাসন নয়, বরং আইনের শাসন ভিত্তিক রাষ্ট্র করে গড়ে তোলা হবে।

আর কয়েক মাস পরই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত নতুন পার্লামেন্টের পছন্দে সরকার গঠনের সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

বার্লিন সফরকালে সাংবাদিকদের মুরসি বলেন, মিশর একটি আধুনিক বেসামরিক রাষ্ট্রের কর্মকাঠামো নিয়ে সুশাসন এবং আইনের শাসন ভিত্তিক দেশ হওয়ার পথেই রয়েছে। যে দেশে সামরিক শাসন বা অন্য কোনো শাসন নয় বরং বেসামরিক শাসনব্যবস্থা কায়েম হবে বলেই সবার প্রত্যাশা।

কিন্ত মিশরের সরকার বিরোধীরা জাতীয় ঐক্যের সরকার গড়ার যে দাবি জানিয়ে আসছে সে ব্যাপারে মুরসি কোনো প্রতিশ্রুতি দেননি। তিনি কেবল বলেন, আগামী নির্বাচনের পর নতুন পার্লামেন্টই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।নির্বাচন এপ্রিলে হতে পারে বলে মনে করা হচ্ছে।

জার্মানি সফর শেষে এদিনই আবার মিশরে ফিরে যাওয়ার কথা মুরসির।

মুবারকবিরোধী আন্দোলনের অন্যতম শরিক মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মুরসি মিশরের ইতিহাসের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী হন।

ক্ষমতাসীন হওয়ার পর তিনি দেশকে ইসলামপন্থী সংবিধানের আওতায় নিয়ে আসার চেষ্টা করেন। এরপরই তার ইসলামপন্থি সংবিধান নিয়ে দেশে বিরোধীদের প্রতিবাদের মুখে পড়েন তিনি।

মুবারকবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে প্রধান ভূমিকা পালনকারী উদারপন্থি ও বামপন্থি রাজনৈতিক দলগুলোর অভিযোগ, মুবারকবিরোধী বিপ্লবের ফসল ‘ছিনতাই’ করেছে মুরসির দল মুসলিম ব্রাদারহুড।

মুরসির বিরুদ্ধে চলমান বিক্ষোভ-সহিংতা এখন তুঙ্গে পৌঁছেছে।সোমবার দাঙ্গা কবলিত পোর্ট সৈয়দ, ইসমাইলিয়া ও সুয়েজ শহরে একমাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মুরসি।

বুধবার কায়রোর তাহরির স্কয়ারের কাছে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে গুলিতে নিহত হয়েছে আরো দুই বিক্ষোভকারী।এতে করে দেশটিতে সহিংসতায় নিহতের সংখ্যা আরো বাড়ল।