মালির সর্বশেষ জঙ্গি ঘাঁটিতে ফরাসি বাহিনী
মালিতে আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামি জঙ্গি বিরোধী অভিযানে দেশটির সর্বশেষ গুরুত্বপূর্ণ জঙ্গি ঘাঁটি কিদাল শহরের বিমানবন্দর দখল করে নিয়েছে ফরাসি সেনারা।ফরাসি সামরিক বাহিনী এবং স্থানীয় এক কর্মকর্তা বুধবার একথা জানিয়েছেন।
মালির গাও এবং টিম্বাকটু পুনর্দখলের পর জঙ্গিদের দখলে থাকা সবর্শেষ এ বড় ঘাঁটিটি পুনর্দখল করল ফরাসি বাহিনী।
কিদাল বিমানবন্দরে রাতভর কয়েকটি বিমান এবং হেলিকপ্টার নামার পর এর নিয়ন্ত্রণ নেয় সেনারা।ফ্রান্সের শসস্ত্র বাহিনীর মুখপাত্র খবরটি নিশ্চিত করেছেন।তবে এঅভিযানে ফরাসি সেনাদের সঙ্গে মালির সেনারা ছিল কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি।
জঙ্গিরা শহরটি ছেড়ে চলে গেছে বলে খবর পাওয়া গেছে।তবে সেখানকার কর্তৃত্ব এখন কার হাতে তা স্পষ্ট নয়।
রাজধানী বামাকো থেকে ১৫০০ কিলোমিটার উত্তর-পূর্বের শহর কিদাল এতোদিন আনসার ডাইন ইসলামপন্থি দলের দখলে ছিল।ইসলামি মাঘরেব এ আল কায়েদার সঙ্গে দলটির নিবিড় সম্পৃক্ততা আছে।
কিদালের আঞ্চলিক গণপরিষদের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হামিনাই মাইগা বলেছেন,“ফরাসি সেনারা মঙ্গলবার রাত সাড়ে নয়টায় ৪ টি বিমানে করে কিদাল এ পৌঁছে। এরপর তারা বিমানবন্দর দখল করে শহরে ঢুকে পড়ে। কোনো লড়াই হয়নি।”ফরাসি সেনারা এখন শহর পাহারায় রয়েছে বলে জানান তিনি।
পশ্চিম আফ্রিকা ও ইউরোপে জঙ্গি হামলা চালানোর শক্তিশালী ঘাঁটি হয়ে উঠতে পারে মালির উত্তরাঞ্চলের শহরগুলো- এমন আশঙ্কা থেকেই মালিতে সরকারি বাহিনীর সঙ্গে লড়াইরত জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করে ফরাসি বাহিনী।
ফরাসি ও মালির সম্মিলিত বাহিনী প্রায় কোনো বাধা ছাড়াই জঙ্গি অধিকৃত সাহারা মরুভূমির দুটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর টিম্বাকটু ও গাও পুনর্দখল করে।
