‘সুস্থ হয়ে উঠার বিষয়ে দারুণ আশাবাদী শ্যাভেজ’
কিউবার রাজধানী হাভানায় চিকিৎসাধীন ক্যান্সার আক্রান্ত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ সুস্থ হয়ে উঠার ব্যাপারে “খুব আশাবাদী” বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
সম্প্রতি তিনি কিউবায় গিয়ে অসুস্থ শ্যাভেজের সঙ্গে দেখা করে এসেছেন।
শ্যাভেজের নিজ গ্রাম সাবানেতায় এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় মাদুরো বলেন, “আমাদের কমান্ডার-প্রেসিডেন্ট একটি কঠিন ও জটিল লড়াইয়ের মধ্যে আছেন, কিন্তু তার মনোবল দারুণ।”
“অত্যন্ত জোর দিয়ে তিনি আমাদের বলেছেন, ‘আমি খুব আশাবাদী, যে চিকিৎসার মধ্যদিয়ে যাচ্ছি তার উপর আমার পুরো আস্থা আছে, আমি আবার জয়ী হব। আমি খ্রিস্ট ও জীবনকে ধরে আছি।”
গত ১৪ বছর ধরে শ্যাভেজ ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১১ ডিসেম্বর হাভানায় সমাজতান্ত্রিক এই নেতার শরীরে ক্যান্সারের অস্ত্রোপচার হওয়ার পর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি।
২০১১ সালের জুনে তার তলপেটে ক্যান্সার ধরা পড়ার পর থেকে এটি চতুর্থ অস্ত্রোপচার।
বিরোধী দলীয় নেতারা দাবি করেছেন, ৫৮ বছর বয়সী শ্যাভেজ যদি মন্ত্রীপরিষদের সদস্যদের সঙ্গে কথা বলার মতো সুস্থ্য হন, তাহলে তিনি কি অবস্থায় আছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তা সবাইকে জানাতে পারেন।
শেষ অস্ত্রোপচারের পর তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পরও গত দুই সপ্তাহ ধরে শ্যাভেজের সুস্থতার বিষয়ে আশাবাদী হয়ে উঠেছেন ভেনেজুয়েলার কর্মকর্তারা। তাদের ধারণা অস্ত্রোপচার পরবর্তী জটিলতা তিনি কাটিয়ে উঠেছেন আর শিগগিরই দেশে ফিরতে পারবেন।
