জার্মানি যাচ্ছেন মুরসি, দেশের অস্থিরতায় সফর সংক্ষিপ্ত
জরুরি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে দেশের রাজনৈতিক অস্থিরতাকে পেছনে ফেলে বুধবার জার্মানি যাচ্ছেন মিশরের প্রেসিডেন্ট মোহামেদ মুরসি। সফরে নিজের গণতান্ত্রিক সাফল্য তুলে ধরে ইউরোপকে নমনীয় করার চেষ্টাও করবেন তিনি।
তবে ইউরোপ সফরে জার্মানি থেকে ফ্রান্স যাওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে মুরসি তা বাতিল করেছেন। বৃহস্পতিবারই তার দেশে ফেরার কথা রয়েছে।
সফরে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে মুরসির বৈঠক করার কথা রয়েছে।
মিশরের রাস্তায় রাস্তায় কয়েকদিনের প্রাণঘাতী সহিংসতার পর রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ছে বলে মঙ্গলবার হুঁশিয়ার করেন দেশটির সেনাপ্রধান। সেনাপ্রধানের এই হুঁশিয়ারির পর ইউরোপ সফর পরিকল্পনা সংক্ষিপ্ত করেন মুরসি।
সাবেক একনায়ক মুবারকবিরোধী গণতান্ত্রিক বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তিতে দেশজুড়ে ব্যাপক সরকারবিরোধী সহিংসতায় এ পর্যন্ত ৫২ জন নিহত হয়েছে। প্রেসিডেন্ট মুরসি মুবারকবিরোধী বিপ্লবের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে সমালোচকদের অভিযোগ।
মুরসির সমর্থকদের অভিযোগ, সরকারবিরোধী বিক্ষোভকারীরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিশরের প্রথম প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলতে চাইছে।
মুরসির পেছনে মূল শক্তি ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুড মুবারকের পুরো শাসনামলে নিষিদ্ধ ছিল। কিন্তু ২০১১ সালে মুবারকের পতনের পর তারাই মিশরের মূল রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে।
মুবারকবিরোধী আন্দোলনের অন্যতম শরিক মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মুরসি মিশরের ইতিহাসের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী হয়েছেন। মিশরের পার্লামেন্টেও মুসলিম ব্রাদারহুড সদস্যদের প্রাধান্য আছে।
ক্ষমতাসীন হওয়ার পর ব্রাদারহুড সরকার দেশকে ইসলামপন্থী সংবিধানের আওতায় নিয়ে আসার চেষ্টা করছেন।
কিন্তু বাধ সেধেছেন দেশটির উদারপন্থী ও বামপন্থী রাজনৈতিক দলগুলো। এ দলগুলোই মুবারক বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে প্রধান ভূমিকা পালন করেছে। তাদের অভিযোগ, মুবারকবিরোধী বিপ্লবের ফসল ‘ছিনতাই’ করেছে মুসলিম ব্রাদারহুড।
এই পরিস্থিতিতে সোমবার দাঙ্গা কবলিত পোর্ট সৈয়দ, ইসমাইলিয়া ও সুয়েজ শহরে একমাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মুরসি। সেখানে কারফিউ জারি করে সেনাদের হাতে বেসামরিক নাগরিকদের গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে।
মঙ্গলবার পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে আসলেও রাজনৈতিক অস্থিরতায় দেশটির অর্থনৈতিক অবস্থা টালমাটাল হয়ে পড়েছে।
