মার্কিন ড্রোন মোতায়েনের অনুমতি নাইজারের
মালি এবং বিস্তীর্ণ সাহারা মরুভূমি অঞ্চলজুড়ে আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামি যোদ্ধাদের ওপর গোয়েন্দা তৎপরতা জোরদার করতে যুক্তরাষ্ট্রকে চালক বিহীন বিমান (ড্রোন) মোতায়েনের এ অনুমতি দিয়েছে নাইজার।
নাইজার তাদের মাটিতে যুক্তরাষ্ট্রকে নজরদারি চালক বিহীন বিমান (ড্রোন) মোতায়েন করার অনুমতি দিয়েছে। মালি এবং বিস্তীর্ণ সাহারা মরুভূমি অঞ্চলজুড়ে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদের ওপর গোয়েন্দা তৎপরতা জোরদার করতেই এ পদক্ষেপ।নাইজারের এক উর্ধ্বতন সরকারি সূত্র একথা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানান, নাইজারে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিসা উইলিয়ামস সোমবার দেশটির প্রেসিডেন্ট মাহামুদৌ ইসৌফুর সঙ্গে এক বৈঠকে ড্রোন মোতায়েনের অনুরোধ জানালে তিনি সঙ্গে সঙ্গেই তাতে সায় দেন।
“নাইজার তার মাটিতে আমেরিকান নজরদারি ড্রোন মোতায়েনের সবুজ সংকেত দিয়েছে।যাতে করে ইসলামপন্থিদের তৎপরতা সম্পর্কে আরো ভাল গোয়েন্দা তথ্য সংগ্রহ করা যায়,” বলেন ওই সূত্র।
এই চালক বিহীন বিমানগুলো মালি, আলজেরিয়া এবং লিবিয়ার সীমান্ত সংলগ্ন নাইজারের উত্তরাঞ্চলীয় আগাদেজ মরু অঞ্চলে মোতায়েন করা হতে পারে বলে জানান তিনি।
তবে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড (এএফআরআইসিওএম) এর মুখপাত্র এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
আফ্রিকাজুড়ে কয়েকটি স্থানে ইতোমধ্যেই মোতায়েন আছে যুক্তরাষ্ট্রের নজরদারি বিমান। আর যুক্তরাষ্ট্রের স্থায়ী সামরিক ঘাঁটি আছে কেবলমাত্র হর্ন অব আফ্রিকার ছোট্ট দেশ জিবুতিতে।
