অগ্নিকাণ্ড: ব্রাজিলে শোক, গ্রেপ্তার ৩
ব্রাজিলের দক্ষিণাঞ্চলে সান্তা মারিয়া শহরের নাইট ক্লাবে আতশবাজি প্রদর্শনীতে আগুন লেগে কমপক্ষে ২৩৩ জনের প্রাণহানির পর ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে সরকার। অগ্নিকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ব্রাজিলের দক্ষিণাঞ্চলের সান্তা মারিয়া শহরের নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৩৩ জন নিহতের ঘটনায় ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।
এছাড়া, দুর্ঘটনাস্থল সান্তা মারিয়ায় একমাসের শোক ঘোষণা করেছে কর্তৃপক্ষ| অগ্নিকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট ৩ জন গ্রেপ্তারও হয়েছে।
প্রাদেশিক রাজধানী পোর্তো এলেগ্রে থেকে ৩০০ কিলোমিটার পশ্চিমে সান্তা মারিয়া শহরের বোয়াতে কিস নাইটক্লাবে চলা আতশবাজি প্রদর্শনীতে আগুন লেগে হতাহতের এ ঘটনা ঘটে। ঘটনার সময় ক্লাবটিতে আনুমানিক ৫শ’ মানুষ ছিল।
ক্লাবটির এক মালিক, ব্যান্ড গুরিজাদা ফান্ডাংগুয়েইরা এবং ক্লাবের নিরাপত্তা প্রধানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।ক্লাবের সহ-মালিক হিসাবে ৪র্থ আরেকজনের সন্ধান চলছে।
শোকসন্তপ্ত পরিবেশে সোমবার অগ্নিকাণ্ডে নিহতদের অন্ত্যষ্টিক্রিয়া হয়েছে।সমাহিত করা হয়েছে ৫০ জনের বেশি মানুষকে।
ব্রাজিলে ৫ দশকের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ অগ্নিকণ্ডের ঘটনা।ক্লাবটিতে ব্যান্ডদল গুরিজাদা ফানদাংগুয়েইরার পরিবেশনা চলাকালে দলটির এক সদস্য মঞ্চে আগুন জ্বালালে আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডের শিকার হওয়া মানুষেরা শ্বাস নিতে না পারায় এবং পদদলিত হয়ে মারা গেছে। মৃতের সংখ্যা একবার ২৪৫ জন বলে জানানো হলেও পরে লাশ গণনার পর তা ২৩৩ বলে নিশ্চিত করে পুলিশ।
আগুন লাগার পর ধোঁয়ায় কক্ষ পরিপূর্ণ হয়ে যাওয়ায় অনেকেই বাইরে বেরোতে পারেনি। আর কক্ষ থেকে বাইরে বেরোনোর একটি পথ বন্ধ থাকায় শ’শ’ মানুষ ভেতরে আটকা পড়ে।এ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া একজনের উক্তি, “আমি চারপাশে তাকিয়ে কেবল মেঝেতে মৃতদেহ পড়ে থাকতে দেখেছি।এটা ছিল খুবই ভয়াবহ।সবকিছু চোখের পলকে ঘটে গেছে। কয়েক মুহূর্তের মধ্যে আগুন আর আতঙ্ক ছড়িয়ে পড়ে।”
টেলিভিশন ফুটেজে ক্লাবের বাইরে লোকজনকে কাঁদতে দেখা যায়। দেখা যায় উদ্ধার তৎপরতাও।
অগ্নিকাণ্ডের এ ঘটনায় ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ চিলি সফর সংক্ষিপ্ত করে ঘটনাস্থল পরিদর্শন করতে দেশে ফিরেছেন।
অগ্নিকাণ্ডের শিকার হওয়া মানুষদের সরকারি সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।
