‘বার্মা’ বলায় যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ মিয়ানমার
যুক্তরাষ্ট্রের এ আচরণে এক সময়ের বৈরি দেশ দুটির বর্তমান উন্নয়নশীল সম্পর্ক ব্যাহত হতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
‘বার্মা’ বলে অভিহিত করায় শনিবার যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে মিয়ানমার।
দেশটির উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের চলমান সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতির প্রতিক্রিয়ায় মিয়ানমার এ সমালোচনা করে।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘ এবং বিশ্বের বেশিরভাগ দেশের মত যুক্তরাষ্ট্রেরও উচিত মিয়ানমারকে তাদের রাষ্ট্রীয় নামে ডাকা।
ইয়াঙ্গুনের যুক্তরাষ্ট্র দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি ‘বার্মা’,‘বার্মিজ সরকার’ এবং ‘বার্মিজ সেনাবাহিনী’- শব্দগুলো ব্যবহার করায় এর কঠোর সমালোচনা করেছে মিয়ানমার।
বিবৃতিতে আরো বলা হয়েছে, গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মিয়ানমার সফরে এসে দেশটিকে ‘মিয়ানমার’ বলে সম্বোধন করেছেন, তাই দূতাবাসেরও উচিত এ দৃষ্টান্ত অনুসরণ করা।
বর্মী ভাষায় দেশটির দুইটি নাম প্রচলিত। রাষ্ট্রীয়ভাবে দেশটির নাম ‘মিয়ানমার’ হলেও সাধারণ কথপোকথনে 'বার্মা’ নামটিও প্রচলিত।
১৯৮৯ সালে দেশটির জান্তা সরকার ‘বার্মা’ নামটি পরিবর্তন করে সরকারিভাবে ‘মিয়ানমার’ নামের প্রচলণ করে।
অবশ্য, দেশটির নোবেলজয়ী নেত্রী অং সান সুচি ‘মিয়ানমার’ নামটি প্রত্যাখ্যান করে এখনো ‘বার্মা’ নামই ব্যবহার করে থাকেন।
দীর্ঘদিনের সামরিক শাসন থেকে বেরিয়ে এসে একটি বেসামরিক প্রশাসনের দায়িত্বগ্রহণ এবং শত শত রাজনৈতিক বন্দিকে মুক্তি দেয়ার পর থেকে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র।
