২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে মৃত্যুদণ্ডের রায়ে সংঘর্ষ, নিহত ২৬

মিশরে গত বছর ফুটবল স্টেডিয়ামে সহিংসতার ঘটনায় ২১ জনকে মৃত্যুদণ্ড দেয়ার খবরে শনিবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 26 Jan 2013, 12:58 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

রায় ঘোষণার পরপর ভূ-মধ্যসাগরের উপকূলবর্তী শহর পোর্ট সায়েদে বিক্ষোভে ফেটে পড়ে বাসিন্দারা।স্টেডিয়ামে সংঘর্ষে হতাহতের ঘটনায় পোর্ট সায়েদের লোকদের ‘অন্যায়ভাবে’ দায়ী করা হয়েছে বলে অভিযোগ করে তারা রাস্তায় বেরিয়ে বিক্ষোভ করে।

এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়, হামলা করা হয় দুটি থানায়।

বিক্ষোভকারীদের পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় স্টেডিয়ামে হতাহতের ঘটনায় গ্রেপ্তারদের যে কারাগারে রাখা হয়েছে তার কাছে গুলির শব্দ শোনা যায়।

নিরাপত্তা কর্মকর্তারা জানান, সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত দুই জন পুলিশ সদস্য রয়েছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, সংঘর্ষে দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পোর্ট সায়েদে দুটি থানায় হামলা করেছে বিক্ষুব্ধরা। সেখানে সড়কে টায়ারা জ্বালিয়ে বিক্ষোভ করে তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে সাঁজোয়া যান ও সামরিক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।

গত বছর ১ ফেব্রুয়ারি পোর্ট সৈয়দের একটি ফুটবল স্টেডিয়ামে কায়রোর আল আহলি ও পোর্ট সৈয়দের আল মাশরি ক্লাবের সমর্থকদের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হন।

খেলা শেষে আল মাশরি ক্লাবের সমর্থকরা স্টেডিয়ামের দখল নিয়ে মারামারি শুরু করলে আতঙ্কিত দর্শকরা হুড়োহুড়ি করে স্টেডিয়াম ছেড়ে বের হওয়ার চেষ্টা করে। এ সময় পদদলিত হয়ে অনেকের মৃত্যু হয়। আবার অনেককে স্টেডিয়ামের গ্যালারি থেকে ছুঁড়ে ফেলে হত্যা করা হয়।

নিহতদের অধিকাংশই ছিলেন আল আহলি ক্লাবের সমর্থক।

শনিবার এ রায় ঘোষণার পর ক্লাবের সামনে জড়ো হয়ে উল্লাস প্রকাশ করে কায়রোর আল আহলি ক্লাবের সমর্থকরা।

মৃত্যুদণ্ডের এ রায় মিশরের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষের কাছে পর্যালোচনা জন্য পাঠিয়েছে আদালত। মিশরে মৃত্যুদেণ্ডর রায় এ প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত হয়।

সংঘর্ষের এ ঘটনায় ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। বাকি অভিযুক্তদের বিষয়ে আগামী ৯ মার্চ রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে আদালত।

পুরনো খবর:

স্টেডিয়াম ট্র্যাজেডির রায়ে মিশরে ২১ জনের মৃত্যুদণ্ড