স্টেডিয়াম ট্র্যাজেডির রায়ে মিশরে ২১ জনের মৃত্যুদণ্ড
গত বছর পোর্ট সৈয়দে একটি ফুটবল স্টেডিয়ামে সৃষ্ট ভয়াবহ সংঘর্ষের ঘটনায় দোষি সাব্যস্ত ২১ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে মিশরের একটি আদালত। ওই সংঘর্ষে ৭৪ জন নিহত হয়েছিল।
শনিবার কায়রোর নিকটবর্তী একটি আদালত এ রায় ঘোষণা করে।
গত বছর ১ ফেব্রুয়ারির ওই সংঘর্ষের ঘটনায় জড়িত ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। মিশরের কায়রোর আল আহলি ও পোর্ট সৈয়দের আল মাশরি ক্লাবের খেলা শেষ হওয়ার পর ওই সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
খেলা শেষে আল মাশরি ক্লাবের সমর্থকরা স্টেডিয়ামের দখল নিয়ে মারামারি শুরু করলে আতঙ্কিত দর্শকরা হুড়োহুড়ি করে স্টেডিয়াম ছেড়ে বের হতে চাইলে পদদলিত হয়ে অনেক লোকের মৃত্যু হয়। অনেককে স্টেডিয়ামের গ্যালারি থেকে ছুঁড়ে ফেলেও হত্যা করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা সাক্ষ্য দিয়েছে।
নিহত অধিকাংশই ছিলেন আল আহলি ক্লাবের সমর্থক।
মৃত্যুদণ্ডের এ রায় মিশরের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষের পর্যালোচনার জন্য পাঠিয়েছে আদালত। মিশরের সব মৃত্যুদেণ্ডর রায় সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপেক্ষের পর্যালোচনার মধ্য দিয়ে যেতে হয়।
বাকী অভিযুক্তদের বিষয়ে আগামী ৯ মার্চ রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে আদালত।
আদালতের এ রায়ে কায়রোয় আল আহলি ক্লাবের সমর্থকরা ক্লাবের সামনে জড়ো হয়ে উল্লাস প্রকাশ করেছে।
