২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় হামলার হুমকি উত্তর কোরিয়ার

তৃতীয়বারের মতো পরমাণু পরীক্ষা চালানো এবং আরো রকেট পরীক্ষা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয়ার পর আরেক দফায় এ হুমকি দিল উত্তর কোরিয়া।তাদের এবারের লক্ষ্য সিউল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 11:07 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞা নতুন করে কঠোর করার পদক্ষেপে দক্ষিণ কোরিয়া যোগ দিলে তাদের ওপর হামলা চালানো হবে বলে শুক্রবার হুমকি দিয়েছে পিয়ংইয়ং।

গত মাসে পিয়ংইয়ং এর রকেট উৎক্ষেপণের নিন্দায় জাতিসংঘে প্রস্তাব পাশ এবং দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্তের পরপরই এর জবাবে পারমাণবিক এবং সামরিক শক্তি বাড়ানোর হুঁশিয়ারি দেয় উত্তর কোরিয়া।

এরপর বৃহস্পতিবার তারা যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে তৃতীয় দফায় পরমাণু পরীক্ষা চালানোসহ আরো রকেট পরীক্ষা চালিয়ে যাওয়ারও হুমকি দিয়েছে।

আর এবার দক্ষিণ কোরিয়াকে হামলার নতুন আরেক হুমকি দিল উত্তর কোরিয়া।

শুক্রবার মৌখিকভাবে সিউলকে এ হুমকি দিয়ে উত্তর কোরিয়া বলেছে, “নিষেধাজ্ঞার মানে হল যুদ্ধ।আর তাই নিষেধাজ্ঞা ঘোষণা করা মানে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা।”

উত্তর কোরিয়ার কোরিয়া বিষয়ক শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণ কমিটি দক্ষিণ কোরিয়াকে উদ্দেশ্য করে বলেছে, “জাতিসংঘ নিষেধাজ্ঞার পদক্ষেপে পুতুল রাষ্ট্রগুলো সরাসরি অংশ নিলে ডিপিআরকে এর বিরুদ্ধে শক্তিপ্রয়োগে কঠোর পাল্টা পদক্ষেপ নেবে।”

গত বছর ডিসেম্বরে উত্তর কোরিয়া রকেট উৎক্ষেপণ করার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরো বাড়িয়েছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রও উত্তর কোরিয়ার দুটো ব্যাংক এবং পিয়ংইয়ংকে সহায়তাকারী হংকং এর একটি বাণিজ্যিক কোম্পানির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের পাশাপাশি দক্ষিণ কোরিয়াও পিয়ংইয়ং এর ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের পথ খুঁজছে।তবে এ মুহূর্তে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনাটাই বিবেচনায় রেখেছে বলে জানিয়েছে।

যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশগুলো পিয়ংইয়ংয়ের রকেট পরীক্ষাকে নিষিদ্ধঘোষিত দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তির পরীক্ষা হিসাবেই দেখছে।

জাতিসংঘ এর নিন্দা জানানোর দু’দিন পর আরো রকেট পরীক্ষা চালিয়ে যাওয়া এবং তৃতীয়বারের মতো পরমাণু পরীক্ষা চালানোর ঘোষণা দেয় উত্তর কোরিয়া।

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থায়(কেসিএনএ)প্রকাশিত বিবৃতিতে দেশটির সামরিক কর্তৃপক্ষ জানায়, “উচ্চক্ষমতাসম্পন্ন পরমাণু অস্ত্র পরীক্ষা চালানো হবে।চলবে দূর পাল্লার আরো রকেট পরীক্ষাও।ঘোর শত্রু যুক্তরাষ্ট্রই এর লক্ষ্্য।” তবে কখন এ পরীক্ষা চালানো হবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি খবরে।

উত্তর কোরিয়া এর আগে ২০০৬ এবং ২০০৯ সালে দুটো পরমাণু পরীক্ষা চালায়।এর পরপরই দেশটির ওপর নিষেধাজ্ঞা জারি করে জাতিসংঘ।