ব্রিটিশদের বেনগাজি ছাড়তে বলেছে যুক্তরাজ্য
লিবিয়ার বেনগাজিতে পশ্চিমাদের নিরাপত্তায় আসন্ন হুমকি আঁচ করে বৃহষ্পতিবার ব্রিটিশ নাগরিকদের অবিলম্বে শহর ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের দূতাবাস।
ত্রিপোলিতে যুক্তরাজ্যের দূতাবাস এ ব্যাপারে ব্রিটিশ নাগরিকদের সঙ্গে যোগাযোগও রাখছে।
শহরটিতে পশ্চিমারা কি ধরনের হুমকি বা বিপদের মুখে আছে সে ব্যাপারে দূতাবাস থেকে বিস্তারিত কিছু জাননো হয়নি।
তবে বলা হয়েছে, মালিতে ফরাসি অভিযানের কারণে ওই অঞ্চলে পশ্চিমা স্বার্থের ওপর জঙ্গিদের প্রতিশোধমূলক হামলার আশঙ্কা বেড়েছে। অপহরণের হুমকি আছে লিবিয়াতেও।
লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে গত বছর সেপ্টেম্বরে এক হামলায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস স্টিভেনসহ ৪ মার্কিনী নিহত হয়।
তখন থেকেই বেনগাজি এবং লিবিয়ার বেশিরভাগ এলাকায় নাগরিকদের চলাফেরার ব্যাপারে সতর্ক করে আসছে দূতাবাস।
বৃহস্পতিবার দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, “আমরা বেনগাজিতে পশ্চিমাদের ওপর সুনির্দিষ্ট এবং আসন্ন হুমকি পেয়েছি। আর এর পরিপ্রেক্ষিতেই সেখানে এখনো রয়ে যাওয়া ব্রিটিশ নাগরিকদের অবিলম্বে শহর ছেড়ে যাওয়ার অনুরোধ জানাচ্ছি।”
