ইসরায়েলের বিরুদ্ধে মামলা ঠুকবে ফিলিস্তিন
ইসরায়েল পূর্ব জেরুজালেমে নতুন ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা নিয়ে এগুলে তেল আবিবের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে(আইসিসি)মামলা করা হবে বলে হুমকি দিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।
নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনের পর ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি সাংবাদিকদের একথা বলেন।
এ সিদ্ধান্ত নতুন ইসরায়েল সরকার কি পেদক্ষেপ নেবে তার ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।
গত বছর নভেম্বরে ফিলিস্তিন জাতিসংঘে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পাওয়ার পর আইসিসি’তে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে।
এতে নাখোশ ইসরায়েল পাল্টা প্রতিক্রিয়ায় নতুন করে পূর্ব জেরুজালেমে ১৫০০ বসতি গড়ার পরিকলন্পনা ঘোষণা করে।
বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বক্তব্যে রিয়াদ আল-মালিকি বলেন, ওই অঞ্চলে ইহুদি বসতি স্থাপন করলে ইসরায়েল সীমা ছাড়িয়ে যাবে। ফলে ফিলিস্তিন আইসিসি তে যেতে বাধ্য হবে।
তিনি আরো বলেন, “ইসরায়েল পূর্ব জেরুজালেমের ই-১ এলাকায় বসতি স্থাপনসহ এর আশেপাশের এলাকায় সিংশ্লিষ্ট অন্যান্য পরিকল্পনা নিয়ে এগুতে থাকলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে যাব।”
“এছাড়া আমাদের আর কোনো পথ নেই।বিষয়টি নির্ভর করছে ইসরায়েল সরকারের সিদ্ধান্তের ওপর। ইসরায়েল আমাদের অবস্থান খুব ভাল করেই জানে”, বলেন তিনি।
ফিলিস্তিনের কর্মকর্তারা এর আগে একটি বিকল্প পথ হিসাবে ইহুদি বসতিস্থাপনের বিতর্কিত ইস্যুটি আইসিসিতে তোলার আভাস দিয়েছিলেন। কিন্তু এবার ফিলিস্তিন স্পষ্টতই ইসরায়েলের বিরুদ্ধে আইসিসিতে যাওয়ার হুমকি দিল বলে মনে করছেন সংবাদদাতারা।
