ইইউ’এ যুক্তরাজ্যের ভাগ্্য নির্ধারণ হবে গণভোটে
যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকবে নাকি বেরিয়ে যাবে তা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্ধারণের জন্য গণভোটের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ২০১৫ সালের নির্বাচনে ক্যামেরন জয়ী হলে এ গণভোট ডাকবেন।
জাতির উদ্দেশ্যে দীর্ঘপ্রতিক্ষীত ভাষণে বুধবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইইউ এ দেশটির থাকা কিংবা বেরিয়ে যাওয়ার প্রশ্নে গণভোটের এ প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ‘জনগণকে তাদের রায় জানাতে হবে’।
তবে ক্যামেরন এও বলেন, জনগণকে গণভোটে ডাকার আগে ইইউ এর সঙ্গে নতুন করে আলোচনার মধ্য দিয়ে যুক্তরাজ্যের সঙ্গে জোটটির সম্পর্ক ঝালিয়ে নেয়ার চেষ্টা চালাবেন তিনি।
এরপর জনগণকে হয় আলোচনার ফল মেনে নিতে হবে কিংবা ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পথ বেছে নিতে হবে, বলেন তিনি।
আর এ লক্ষ্যেই ২০১৫ সালে যুক্তরাজ্যের পরবর্তী পার্লামেন্ট নির্বাচনে জয়ী হলে ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে কোনো এক সময় গণভোট অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন ক্যামেরন।
গণভোটের পদক্ষেপে যুক্তরাজ্য কূটনৈতিকভাবে ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়াসহ বন্ধুহীন হয়ে উঠতে পারে এমন আশঙ্কার তোয়াক্কা না করে ক্যামেরন জনগণকে তার এ পরিকল্পনা জানালেন।এর মধ্য দিয়ে বিষয়টি নিয়ে জনমনে কয়েকমাসের জল্পনা-কল্পনার অবসান ঘটালেন তিনি।
ক্যামেরন বলেন, বিশ্ব প্রেক্ষাপট থেকে পিছু হটার ইচ্ছা তার নেই। কিন্তু গণভোটের ব্যাপারে তার যুক্তি, বর্তমানে যুক্তরাজ্যের মানুষ ইইউ’ নিয়ে চরম হতাশ থকার কারণেই এ উদ্যোগ নেয়া জরুরি।
তাছাড়া, এমপিদের অনেকের কাছ থেকেই ইউরোপের ব্যাপারে এরকম বাধ্যবাধকতামূলক কোনো পদক্ষেপ নেয়ার ব্যাপারে চাপে ছিলেন কনজারভেটিভ দলের নেতা ক্যামেরন।
ভাষণে তিনি বলেন, “ব্রিটিশ জনগণের মনোভাব জানানোর এটিই সময়। ব্রিটেনের রাজনীতিতে ইউরোপীয় ইউনিয়ন প্রশ্নের মীমাংসা হওয়া দরকার।”
ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্যের সদস্যপদের বিষয়টি নিয়ে পুনরায় আলোচনার ব্যাপারে কনজারভেটিভ দলের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে ক্যামেরন বলেন, “আমরা যখন নতুন অবস্থান তৈরির জন্য আলোচনা শুরু করব, তখন ইউরোপীয় ইউনিয়নে থাকার বিষয়টি নির্ভর করবে নতুন শর্তগুলোর ওপর। হয় আমরা থাকব, নয়ত, একবারে বের হয়ে যাব।থাকা অথবা বের হয়ে যাওয়া নিয়েই গণভোট আয়োজন করা হবে।”
তবে ইতোমধ্যেই ব্যয় কাটছাঁটের মতো বিষয়গুলো নিয়ে কনজারভেটিভ পার্টির প্রতি যুক্তরাজ্যের ভোটারদের যে মনোভাব তৈরি হয়েছে তাতে আগামী নির্বাচনের ফলাফলে ক্যামেরন এ ধরণের গণভোট আয়োজনের সুযোগ নাও পেতে পারেন বলেই ধারণা পর্যবেক্ষকদের।
