‘সাগর বিরোধ’ নিয়ে আদালতে যাবে ফিলিপাইন
দক্ষিণ চীন সাগরের ওপর চীনের মালিকানা দাবির বিরুদ্ধে জাতিসংঘ আদালতে যাবে ফিলিপাইন।
দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে বিরোধ নিষ্পত্তির প্রায় সব রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ফিলিপাইন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এলবার্ট ডেল রোজারিও।
এ পদক্ষেপের ব্যাপারে অবহিত করার জন্য রাজধানী ম্যানিলায় চীনা রাষ্ট্রদূতকে পররাষ্ট্রদপ্তরে ডেকে পাঠানো হয়েছে বলেও এক বিবৃতিতে জানান রোজারিও।
সমুদ্র আইন বিষয়ক জাতিসংঘ কনভেনশনের আওতায় বিরোধ নিষ্পত্তিমূলক আদালতে বিষয়টি তোলা হবে বলে জানান তিনি।
দক্ষিণ চীন সাগরের ওপর একচ্ছত্র সার্বভৌমত্ব দাবি করে আসছে চীন।বিষয়টি নিয়ে দক্সিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে চীন বিরোধে জড়িয়ে পড়েছে।
সম্প্রতি কয়েক মাসে চীন এ ইস্যুতে অনঢ় মনোভাব প্রকাশ করায় ফিলিপাইন এবং ভিয়েতনামের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে।
এ পরিস্থিতিতে চীনের বিরুদ্ধে ফিলিপাইনের জাতিসংঘে বিচার চাইতে যাওয়ার সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।কারণ, চীন এ পদক্ষেপে নাখোশ হবে এটা জানা কথা।আর ফিলিপাইন অর্থনৈতিক দিক থেকে চীনের ওপর অনেকখানি নির্ভরশীল।
