২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে নির্বাচন: নেতানিয়াহুর জয়ের সম্ভাবনা

ইসরায়েলের সাধারণ নির্বাচনে মঙ্গলবার ভোট দিয়েছে জনগণ।এ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তৃতীয় মেয়াদে জয়লাভ করতে পারেন বলেই আভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন জনমত জরিপে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 22 Jan 2013, 11:07 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

জরিপে দেখা গেছে, প্রত্যাশিত সংখ্যাগরিষ্ঠতা না পেলেও পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি সবচে বেশি আসন জিতবে।

১২০ আসনের নেসেটের জন্য নির্বাচনী দৌড়ে নেমেছে ৩২ টি দল। এ দলগুলো দেশের মোট ভোটের ২ শতাংশের বেশি ভোট না পেলে প্রতিযোগিতা থেকে বাদ পড়বে।

সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী, নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী এভিগডর লিবারম্যানের উগ্র-জাতীয়তাবাদী ইসরায়েল বেইতেনু পার্টি প্রায় ৩২ টি আসন পাবে বলে ধারণা করা হচ্ছে।

জরিপে দেখা গেছে, লিকুদ-বেইতেনু জোট সম্প্রতি নতুন একটি প্রতিদ্বন্দ্বী দল হাবাইত হায়েহুদি’র কাছে জনপ্রিয়তা হারিয়েছে।নির্বাচনে দলটি ১৪ আসন পেয়ে নেসেটে তৃতীয় বৃহত্তম দল হয়ে দাঁড়াতে পারে।

আর দ্বিতীয় বৃহত্তম দল হতে পারে লেবার পার্টি। নেসেটে সম্প্রতি দলটির ৮ আসন থাকলেও নির্বাচনে দলটি প্রায় ১৭ আসনে জয় পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার ইসরায়েলজুড়ে ১০,১৩১ টি ভোট কেন্দ্রে ভোট দিয়েছে জনগণ। ভোট শেষের দু’ঘণ্টা পরই প্রাথমিক ফল আসার কথা।আর চূড়ান্ত ফল জানা যাবে বুধবার সকালের দিকে।

নেতানিয়াহু আবার নির্বাচিত হলে ইসরায়েল আরো ডানপন্থার দিকে ঝুঁকে পড়াসহ ফিলিস্তিনের সঙ্গে শান্তির পথ থেকে দূরে সরে যাওয়ার আশঙ্কা আছে।

নেতানিয়াহু ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় অধিকৃত অঞ্চলে ইহুদি বসতিস্থাপন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

তিনি ক্ষমতায় থেকে গেলে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিরোধ দেখা দেয়া এবং বিশেষত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ইতোমধ্যেই নেতানিয়াহুর উত্তেজনাকর সম্পর্ক আরো অবনতির দিকে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।