২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একসন্তান নীতি থেকে সরতে পারে চীন

কর্মক্ষম জনশক্তি হ্রাস পাওয়ার আশঙ্কার মুখে এক সন্তান নীতি থেকে সরে আসতে পারে চীন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 22 Jan 2013, 08:49 AM

Updated : 25 Apr 2022, 06:17 PM

গত শুক্রবার প্রকাশিত এক পরিসংখ্যানে চীনের কর্মক্ষম জনশক্তি প্রথমবারের মতো হ্রাস পেয়েছে বলে জানা গেছে।

চীনের বর্তমান কর্মক্ষম জনশক্তির পরিমাণ প্রায় ৯৩ কোটি । ওই পরিসংখ্যানে জানানো হয়েছে, বর্তমান নীতি বজায় থাকলে ২০২৫ সাল থেকে এই জনশক্তির পরিমাণ বছরে এক কোটি হারে হ্রাস পেতে থাকবে।

বিপরীতে, বর্তমানের ২০ কোটি নির্ভরশীল প্রবীণ মানুষের সংখ্যা ২০৩০ সালের মধ্যে ৩৬ কোটিতে গিয়ে পৌঁছাবে।

চীনের রেনমিং বিশ্ববিদ্যালয়ের জনমিতির অধ্যাপক গু বাওচ্যাং বলেন, “এভাবে চলতে থাকলে, ট্যাক্স দেওয়ার মতো কেউ থাকবে না, কোনো কর্মক্ষম মানুষ থাকবে না, এমনকি বয়স্কদের দেখার জন্যও কাউকে পাওয়া যাবে না।”

চীনের শীর্ষ পরিসংখ্যানবিদ মা জিয়ানতাং বলেছেন, “একটি উপযুক্ত বিজ্ঞানভিত্তিক পরিবার পরিকল্পনা গড়ে তোলা দরকার।”

উচ্চসঞ্চয় হারের জন্যও দেশের এক সন্তাননীতিকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। এক সন্তানকে ভবিষ্যতে তার অবসরপ্রাপ্ত বাবা-মায়ের ভরণপোষণের দায়িত্ব নিতে হয়। আর বিবাহিতদের ক্ষেত্রে শ্বশুর-শ্বাশুড়িসহ চারজনের দায়িত্ব নিতে হয়।

এ কারণে কর্মক্ষম তরুণ বয়সীরা অর্থ খরচ না করে বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয় করে রাখে।

এই প্রবণতা ভোগ বৃদ্ধি করে চীনের ক্রমবর্ধমান অর্থনীতির গতি ধরে রাখার পথে বাধা হিসেবে দেখা দিচ্ছে।

এসব কারণে চীন তার এক সন্তাননীতি পুনর্বিবেচনা করবে বলেই ধারণা করা হচ্ছে।

গত নভেম্বরে চীনা কমিউনিস্ট পার্টির কংগ্রেসে একটি করণীয় প্রতিবেদন হতে সাবেক প্রেসিডেন্ট হু জিনতাও লক্ষণীয়ভাবে “নিম্ন জন্মহার বজায় রাখুন” কথাটি বাদ দেন। তখন থেকেই ধারণা করা হচ্ছে, নতুন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বাধীন সরকার সম্ভবত এই নীতিটি সংস্কার করতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৪৩ ঘ.