২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় বহু হতাহত

সিরিয়ার মধ্যাঞ্চলীয় হামা প্রদেশে সরকার সমর্থক বাহিনীকে লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 22 Jan 2013, 06:12 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

সিরিয়ার সরকারবিরোধী আন্দোলনকারীদের দাবি, হামার সালমিয়াহ শহরে চালানো ওই আত্মঘাতী গাড়িবোমা হামলায় সরকারপন্থি আধাসামরিক বাহিনীর সদস্য ও সাধারণ মানুষও নিহত হয়েছে।
বিবিসির এক খবরে এই তথ্য জানা গেছে।
যুক্তরাজ্যভিত্তিক দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সরকারপন্থি আধা-সামরিক বাহিনীর সদরদপ্তর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে আধা-সামরিক বাহিনীর ৩০ সদস্যসহ আরো বেশ কয়েকজন নিহত হয়েছে।
তারা আরো দাবি করেছে, তাদের প্রতিবেদন যে কোন ধরনের প্রভাবমুক্ত।
সোমবারও দামেস্কতে রক্তক্ষয়ী লড়াই চলেছে বলে সরকার ও সরকারবিরোধী আন্দোলনকারীরা দাবি করেছে।
সিরিয়ায় চলমান সহিংসতার পরিপ্রেক্ষিতে রাশিয়া সেখানে অবস্থানকারী তাদের নাগরিকদের ফিরিয়ে আনতে দেশটিতে দুটি বিমান পাঠিয়েছে।
রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বিমান দুটিতে করে শতাধিক রাশান মঙ্গলবার দেশে ফিরে আসার উদ্দেশ্যে যাত্রা করবে বলে আশা করা যাচ্ছে।
২০১১ সালে সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর এই প্রথমবার কোনো দেশ তার নাগরিকদের সরিয়ে আনার জন্য বিমান পাঠালো।
রাশিয়া সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র বলেই পরিচিত।
সম্প্রতি জাতিসংঘ জানিয়েছে, ২০১১ সালের মার্চে সিরিয়ায় গণবিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।