২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের সেনারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে’

মিয়ানমারের কচিন প্রদেশে প্রেসিডেন্টের যুদ্ধবিরতির নির্দেশ অমান্য করে সেনারা হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে বিদ্রোহীরা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 20 Jan 2013, 12:08 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

চীনের সীমান্তবর্তী কচিন প্রদেশের লা জা ইয়াং এলাকায় বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সহিংস লড়াই শুরু হলে শুক্রবার সেনাদের যুদ্ধবিরতির নির্দেশ দেন প্রেসিডেন্ট থিয়েন সেইন।

এ ঘটনার পর রোববার দেশের বিভিন্ন জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনায় বসার সিদ্ধান্ত জানান প্রেসিডেন্ট।

শনিবার সকাল থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও থাইল্যান্ড-ভিত্তিক কচিন ইনডিপেনডেন্স আর্মি’র (কেআইএ) মুখপাত্র কর্নেল জেমস লাম দাউ রয়টার্সকে জানিয়েছেন, সপ্তাহ শেষেও লা জা ইয়াংসহ প্রদেশের অন্যান্য এলাকায় সেনারা হামলা চালিয়ে যাচ্ছে।

কেআইএ’র সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির ১৭ বছর পর ২০১১ সালের জুনে হামলার মধ্য দিয়ে চুক্তি লঙ্ঘিত হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেখানে লড়াইয়ের মাত্রা বেড়ে গেছে।

অঞ্চলটিতে গত ২০ মাসের লড়াইয়ে হাজার হাজার মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে।

এ পরিস্থিতিতে বেশ কয়েকজন বিশ্লেষক থিয়েন সেইনের আহ্বানে রাজনৈতিক ও অর্থনৈতিক পুনর্গঠনে সরকারের আন্তরিকতার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।