দিল্লি ধর্ষণ: পুলিশের সংস্কার দাবি কংগ্রেসের
দিল্লি ধর্ষণের প্রেক্ষিতে নারীর ক্ষমতায়ন বিষয়ক আলোচনায় ধর্ষকদের মৃত্যুদণ্ড এবং নারী পরিচালিত পুলিশ স্টেশনের সংখ্যা ৫০ শতাশে উন্নীত করা ও পুলিশ প্রশাসন সংস্কারের দাবি জানিয়েছে কংগ্রেস নেতারা।
শনিবার প্রায় ত্রিশ মিনিটের এ আলোচনায় সদস্যদের পরামর্শগুলো লিখে রাখেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
আলোচনায় কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ বলেছেন, সারা দেশে ১৫ হাজার পুলিশ স্টেশন রয়েছে। এর মধ্যে নারী পরিচালিত পুলিশ স্টেশনের সংখ্যা মাত্র ৪০০টি এবং এগুলোর ৪০ শতাংশই অন্ধ্র প্রদেশে অবস্থিত, ফলে প্রকৃত অনুপাত আরো কম।
তাই সারা দেশে নারী পরিচালিত পুলিশ স্টেশনের সংখ্যা ৫০ শতাংশে উন্নীত করার দাবি জানিয়েছেন রমেশ।
অন্যদিকে কেন্দ্রীয় কংগ্রেস কমিটির সচিব প্রবীণ দাবর সব পুলিশ স্টেশনে উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে ২৫ শতাংশ নারী নিয়োগের প্রস্তাব দিয়েছেন।
বেশ কয়েকজন আলোচক, বিশেষ করে নারী সদস্যরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। বেশিরভাগ ক্ষেত্রে যৌন নিপীড়নের শিকার পথ শিশু ও নারীদের সুরক্ষায় একটি নীতি প্রণয়ণের দাবি জানিয়েছেন মহারাষ্ট্রের তরুণ মন্ত্রী প্রিয়া দত্ত।
শুক্রবার নারী নির্যাতন বিষয়ক এক আলোচনায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, ঘরে ও ঘরের বাইরে ছেলেরা কীভাবে নারীকে শ্রদ্ধা করবে মায়েরা যেন তাদের সে শিক্ষা দেয়।
এদিকে পুলিশ প্রশাসন সংস্কারের সময় রাজনীতিকদের কমিশনে রাখার দাবি জানিয়েছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা অনিল শাস্ত্রী।
