মেক্সিকোয় দেড়শতাধিক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
সংঘবদ্ধ অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় দু’টি শহর থেকে ১৫০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় গোমেজ পালাসিওর গণনিরাপত্তা বিষয়ক পরিচালক ও অন্য এক শহর লের্দোতেও একই দায়িত্বে নিয়োজিত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
দুটি শহরেই একই সময়ে মেক্সিকোর সেনারা পুলিশ স্টেশনগুলোতে অভিযান পরিচালনা করে।
মেক্সিকোর নির্বাচিত নতুন প্রেসিডেন্ট এনরিক পিনা নিয়েতো দায়িত্বগ্রহণের পর দুর্নীতির বিরুদ্ধে প্রথম এই পদক্ষেপ গ্রহণ করেন। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান তার অগ্রাধিকারভিত্তিক নির্বাচনী অঙ্গীকার ছিল।
দু’টি শহর থেকেই আটক পুলিশ কর্মকর্তাদের জেরার জন্য রাজধানীতে বাসে করে নিয়ে আসা হয়েছে।
মেক্সিকোর পুলিশ বাহিনীতে দুর্ণীতি একটি বহু প্রচলিত বিষয়। বিশেষ করে শহরকেন্দ্রিক পুলিশের ক্ষেত্রে এটি বেশি ঘটে।
দেশটির ক্ষমতাধর মাদকচক্র পুলিশ কর্মকর্তাদের টাকা দিয়ে নয়তো হুমকি দিয়ে তাদের পক্ষে কাজ করতে বলে। এবং টাকার বিনিময়ে পুলিশ কর্মকর্তারা মাদকচক্রের কাছে আগাম অভিযান সম্পর্কে তথ্য বিক্রি করে দেয়।
