২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাহারা জিম্মি সঙ্কট, আটকে আছেন বিদেশিরা

সেনা অভিযানের দুইদিন পরও আলজেরিয়ার সাহারা মরুভূমির গ্যাসক্ষেত্রে এখনও ২০ জনেরও বেশি বিদেশি জিম্মি আটক অথবা নিখোঁজ রয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 Jan 2013, 07:03 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বুধবার আলজেরিয়ার ইন আমেনাসের নিকটবর্তী সাহারা মরুভূমির একটি গ্যাসক্ষেত্র দখল করে আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি জঙ্গিগোষ্ঠী। এ সময় গ্যাসক্ষেত্রটিতে থাকা বিভিন্নদেশের নাগরিকসহ প্রায় সাড়ে ছয়শ’ মানুষকে জিম্মি করে তারা।

এটি গত কয়েক দশকে বিশ্বের সবচেয়ে বড় জিম্মি করার ঘটনা। এর মাধ্যমে সাহারা মরুভূমির জঙ্গিরা এখন বিশ্বের শীর্ষ আলোচিত খবরে পরিণত হয়েছে।

মালির ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে ফরাসি সেনাবাহিনীর পদক্ষেপের পাল্টা হিসেবে গ্যাসক্ষেত্রটি দখল করে এর কর্মীদের জিম্মি করা হয়েছে বলে জানিয়েছে ওই জঙ্গিরা। মালিতে ফরাসি সেনা হস্তক্ষেপ বন্ধ করার জন্য এদের আটক করা হয়েছে বলে জঙ্গিরা দাবি করেছে।

জঙ্গিরা আটক জিম্মিদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে জানতে পেরে গ্যাসক্ষেত্রটিতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় আলজেরীয় সরকার। বৃহস্পতিবার ওই ক্ষেত্রটিতে অভিযান চালায় আলজেরীয় সেনাবাহিনী।

অভিযানে প্রায় অধিকাংশ জিম্মিকে মুক্ত করা গেলেও অন্তত ১২ থেকে ৩০ জন নিহত ও ২০ জনেরও বেশি নিখোঁজ হয়। একে ১৮ জঙ্গিও নিহত হয়েছে বলে জানিয়েছে আলজেরীয় নিরাপত্তা বাহিনী।

তবে এ ঘটনায় মোট কতজন নিহত হয়েছেন তা এখনো পরিষ্কার নয়।

শুক্রবার রাত পেরিয়ে শনিবার ভোর পর্যন্তও পুরো গ্যাসক্ষেত্রের দখল নিতে পারেনি আলজেরীয় সেনাবাহিনী। তখন পর্যন্ত ইন আমেনাস গ্যাসক্ষেত্রের বিস্তীর্ণ আবাসিক এলাকাটিই শুধু সেনাবাহিনীর দখলে এসেছে।

অন্যদিকে বন্দুকধারী জঙ্গিরা তখনো অজ্ঞাত সংখ্যাক জিম্মিসহ গ্যাসক্ষেত্রটির প্রক্রিয়াকরণ অংশটির দখল ধরে রেখেছিল। নিখোঁজ ২০ জন বিদেশিও এই জিম্মিদের মধ্যে আছেন বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের এক নাগরিক নিহত হয়েছেন বলে শুক্রবার নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ে মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড।

আলজেরিয়ার নিরাপত্তা সূত্রগুলো সেনাভিযানে সাত বিদেশির নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। নিহতদের দুইজন জাপানি, দুইজন ব্রিটিশ ও একজন ফরাসি বলে জানা গেছে।

অবশ্য বুধবার গ্যাসক্ষেত্রটি দখল করার সময়ই এক ব্রিটিশকে হত্যা করেছিল জঙ্গিরা।

আহত বিভিন্ন দেশের নাগরিকদের নিয়ে যুক্তরাষ্ট্রের একটি পরিবহন বিমান আলজেরিয়া ত্যাগ করেছে বলে শুক্রবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।